ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য প্রধান বিরোধী দল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শুরু হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সহ সভাপতি এম কে আনোয়ার।
এর আগে দুপুর ১২টার দিকে দুই নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্র্বাচন কমিশনার। দীর্ঘ ২৫ দিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর বুধবার দেশে ফেরেন তিনি।
প্রতিনিধি দলে আরো রয়েছেন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
নবম সংসদ নির্বাচনের আগে ৩৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে সংশোধিত অস্থায়ী গঠনতন্ত্র জমা দিয়ে নিবন্ধন করে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোকে সংসদ অধিবেশন শুরুর ছয় মাসের মধ্যে দলের গঠনতন্ত্র দলীয়ভাবে অনুমোদন করে তা ইসিতে জমা দিতে হবে। ২৫ জুলাই শেষ হবে ওই সময়সীমা। তবে কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত স্থায়ী গঠনতন্ত্র জমা দেননি।
বিভিন্ন রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদনের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
এ সিদ্ধান্ত বিকেলে সাংবাদিকদের জানানো হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) এন আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, "ইতোমধ্যে ৮টি রাজনৈতিক দল স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে আবেদন করেছে। প্রধান বিরোধীদল বিএনপির সঙ্গে এ বিষয়ে বৈঠক শেষে বিকেলে ইসির সিদ্ধান্ত জানানো হবে।"
ইসির কর্মকর্তারা জানান, বংলাদেশ কল্যাণ পার্টি আরো ৯০ দিন সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন, ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে বাংলাদেশ মুসলিম লীগ, ৬ মাস সময় বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ২৪ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে জাতীয় পার্টি-জেপি, আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং কৃষক শ্রমিক জনতা লীগ যুক্তিযুক্ত সময় দেওয়ার আবেদন জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এইচএ/১৫৪৩ ঘ.
bdnews24