সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে নতুন দল হচ্ছে- বিভিন্ন সংবাদ মাধ্যম গত কয়েকদিন ধরে এ খবর জানিয়ে এলেও তিনি নিজে এ বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না।
বিএনপির সাবেক এই মহাসচিব ভারতের টিপাইমুখ প্রকল্প বন্ধে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ রয়েছে তার।
একইসঙ্গে বিরোধী দল বিএনপির সংসদ বর্জনেরও সমালোচনা করছেন তিনি।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর আলোকপাত করেন মান্নান ভূঁইয়া।
নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এখন এ বিষয়ে কোনও কথা বলব না। এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না।"
ভারতের টিপাইমুখ প্রকল্পের বিরোধিতা করে মান্নান ভূঁইয়া বলেন, "টিপাইমুখে বাঁধ হলে কেবল বাংলাদেশের মানুষই নয়, ভারতের মিজোরাম, মনিপুর অঞ্চলের বিশাল জনগোষ্ঠি ক্ষতির মুখে পড়বে। আমরা এ বাঁধ নির্মাণের বিরুদ্ধে। এর বিরুদ্ধে সবাইকে সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে হবে। বাঁধের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে।
"একই সঙ্গে নিজেদের মধ্যে দ্বিধা-বিভক্তি সৃষ্টি না করে সরকারকে সহযোগিতাও করতে হবে, যাতে তারা আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধানে পৌঁছতে পারে।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন, একটি সরকারের ছয় মাস তার কাজের মূল্যায়নের জন্য যথেষ্ট নয়।
সরকারের সাফল্যের দিক তুলে ধরে তিনি বলেন, "সারের মূল্য কমানো ও দ্রব্যমূল্য পরিস্থিতির লাগামহীন অবস্থা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সরকারের সাফল্য রয়েছে।"
তবে কৃষকরা এখনও তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, "এ ক্ষেত্রে সরকারের সফল কোনও উদ্যোগ নেই বলে মনে হচ্ছে।"
২০০৯-১০ অর্থবছরের ঘোষিত বাজেটকে বাস্তবমুখী বলে মনে করেন তিনি। তিনি ঘূর্ণিঝড় 'আইলা' ক্ষতিগ্রস্ত এলাকায় দীর্ঘ মেয়াদি পুনর্বাসন কর্মসূচি দ্রুত চালু করার দাবি জানান।
সরকারের ব্যর্থতার দিক তুলে ধরে তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। একই সঙ্গে জরুরি অবস্থার সময়ে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর আরোপিত মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার দ্বৈতনীতি অনুসরণ করেছে। বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন চলছে, তা গণতান্ত্রিক সরকারের জন্য শুভ নয়।"
সংসদ কার্যকর করার বিষয়ে বেশ কয়েকবার নির্বাচিত সাংসদ মান্নান ভূঁইয়া বলেন, "নবম সংসদের প্রথম অধিবেশনে সবগুলো সংসদীয় কমিটি গঠন করা ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দল থেকে নেওয়াকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। তবে একজন ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে হলে ভালো হতো।"
নিজের এক সময়ের দল বিএনপিকে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিরোধী দল যে সব ইস্যুতে সংসদে অনুপস্থিত, তা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, তাদের সংসদে যাওয়া উচিৎ। সংসদে গিয়ে সরকারের ভুল-ক্রুটি তুলে ধরা ও জনগণের পক্ষে কথা বলা প্রয়োজন। একইভাবে সরকারি দলের কাজ হবে বিরোধী দলকে সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করা।"
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর থেকেই মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির অভ্যন্তরে সংস্কারপন্থীদের একটি ধারা সুস্পষ্ট হতে থাকে। ওই বছরের ২৫ জুন মান্নান ভূঁইয়া দলের অভ্যন্তরীণ সংস্কারে তার প্রস্তাব উত্থাপন করেন।
এরপর ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তিনি দলের মহাসচিব মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন।
এরপর বেশ কিছু দিন মান্নান ভূঁইয়াসহ অন্যরা বিএনপির একটি ধারা আলাদাভাবে কার্যক্রম চালায়। যা প্রচার মাধ্যমে পরিচিত হয় 'সংস্কারপন্থী' ধারা হিসেবে।
তবে ২০০৮ সালে খালেদার মুক্তির পর এবং নবম সংসদ নির্বাচনের আগে 'সংস্কারপন্থী' বেশিরভাগ নেতাই মূল ধারায় ফিরে যান। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ নেতার কাছে পরাজিত হন এক সময়ের বামপন্থী নেতা মান্নান ভূঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24