২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের অবস্থান বদলে সন্দেহ দেলোয়ারের

২৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিল করার বিষয়ে আওয়ামী লীগের পরিবর্তিত অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিল করার বিষয়ে আওয়ামী লীগের পরিবর্তিত অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বিবিসিকে বলেছেন, "আমি যতদূর জানি, আওয়ামী লীগ কাউন্সিল করার জন্য তৈরি নয়। তারা এর আগে সময় পেছানোর আবেদন করার সিদ্ধান্তও নিয়েছিল। কিন্তু হঠাৎ করে তারা অন্য রকম সিদ্ধান্ত কেন নিল?" শুক্রবার সভাপতিমণ্ডলীর সভা শেষে আওয়ামী লীগ জানায়, নির্ধারিত সময়ের আগেই কাউন্সিল করার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তারা। নির্বাচন কমিশন (ইসি) অবশ্য বলেছে, দলগুলো সময় চাইলে সে জন্য আইন পরিবর্তনের সুপারিশ করতে তাদের আপত্তি নেই। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত বর্তমান নির্বাচন কমিশন দেশে প্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত করার উদ্যোগ নেয়। নিবন্ধনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন- উল্লেখ করে বিভিন্ন দল পরবর্তী সময়ে কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করবে বলে নবম সংসদ নির্বাচনের আগে ইসিকে প্রতিশ্র"তি দেয়। একটি খসড়া গঠনতন্ত্র জমা নিয়ে ইসি ওই সময় দলগুলোকে নিবন্ধন দেয়। চলতি বছরের ২৫ জুলাইয়ের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার কথা থাকলেও অনেক দলই এখন পর্যন্ত তা দেয়নি। এর আগে আওয়ামী লীগ কাউন্সিল করে গঠনতন্ত্র সংশোধনের জন্য ইসির কাছে আরও সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দেলোয়ার বলেন, "দল গুছিয়ে সঠিক কাউন্সিল করে গঠনতন্ত্র পাস করা সময় সাপেক্ষ ব্যাপার। আওয়ামী লীগ এর আগে সময় চাওয়ার কথা বলেছিল। এখন হঠাৎ কেন তারা অবস্থান বদল করল? তাদের নতুন অবস্থানে শুধু আমরা নই, জনগণের মনেও প্রশ্ন জেগেছে। "আমরা ঘর পোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। এই নির্বাচন কমিশন বিএনপি হেনস্তা করতে এমন কিছু নেই যা করেনি।" বিএনপি মহাসচিব জানান, তারা কাউন্সিল করে গঠনতন্ত্র জমা দেওয়ার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করবেন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শুক্রবার বিবিসিকে বলেন, "গঠনতন্ত্র সংশোধন করতে দলগুলো সময় চাইলে তা বিবেচনা করা হবে। তবে ২৫ জুলাইয়ের মধ্যে গঠনতন্ত্র জমা দেওয়ার বিষয়টি যেহেতু আইনে বলা আছে, সেহেতু এ ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে আইন মন্ত্রণালয়কে সুপারিশ করতে হবে।" বড় দলগুলো চাইলে সময় বাড়ানোর সুপারিশ করতে ইসির আপত্তি নেই বলে সাখাওয়াত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩১৩ ঘ.