ঢাকা, জুলইি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচারে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তবে তাদের বিচারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, "দেশবাসী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়। কিন্তু এজন্য আমরা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারি না। এটি একটি আইনি প্রক্রিয়া। তবে বিচার হবেই ইনশাহআল্লাহ।"
মুক্তিযুদ্ধ জাদুঘরে শনিবার বিকালে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে এক আলোচনা সভায় দীপু মনি বলেন, তাড়াহুড়ো করার চেয়ে যুদ্ধাপরাধীদের বিচার সঠিক ও গ্রহণযোগ্য করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কোনো ধরনের ফাঁকফোকর দিয়ে প্রকৃত অপরাধীরা যাতে বেরিয়ে না যেতে পারে সেজন্যে সরকার সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যাপারে সরকার অঙ্গীকারাবদ্ধ। তবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিচার প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্য করার জন্য সরকারের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।"
যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সমাপ্ত করার জন্য এরই মধ্যে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে বলে উল্লেখ করে দীপু মনি বলেন, "তারাও সহযোগিতা দিতে চেয়েছে। এ সহযোগিতা কারণে যুদ্ধাপরাধীদের বচার সঠিকভাবে শেষ করতে পারব।"
সিনিয়র সাংবাদিক আবেদ খান বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার জন্য যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীমহল দেশে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে।"
তিনি বলেন, "আওয়ামী লীগ সরকারের ছয় মাসে বিডিআর ব্রিদ্রোহ ও সেনা বাহিনীকে সরকারের মুখোমুখি করে তোলার পাশাপাশি জঙ্গিবাদী তৎপরতা বেড়ে যাওয়া, এর সব কিছুই একই সুত্রে গাঁথা।"
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ডা. সারোয়ার আলী বলেন, "যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের অর্থনৈতিকভাবে বয়কট করতে হবে। অন্যথায় তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হবে।"
আলোচনা সভার আয়োজন করে মুক্তিযদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম'৭১।
সংগঠনের সভাপতি মো. আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অস্ট্রেলিয়া প্রবাসী কায়ছার আহমেদ, মিলি রহমান, মারুফ হাসান মিঠু, জয়ন্ত আচার্য বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/২২২১ ঘ.
bdnews24