২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ সংক্রান্ত তথ্য-উপাত্ত প্রকাশের দাবি বিএনপির

ভারতের টিপাইমুখ প্রকল্প সংক্রান্ত তথ্য-উপাত্ত জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রোববার এ দাবি জানান। জাতীয় ঐক্যের 'স্বার্থে' টিপাইমুখ পরিদর্শনে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেন তিনি। কারাগারে শেখ হাসিনাকে বিষ মেশানো খাবার দেওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, একই ঘটনা খালেদা জিয়ার ক্ষেত্রেও ঘটতে পারে সন্দেহ করে বিষয়টি তদন্ত করে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মোশাররফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 08:36 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখ প্রকল্প সংক্রান্ত তথ্য-উপাত্ত জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রোববার এ দাবি জানান। জাতীয় ঐক্যের 'স্বার্থে' টিপাইমুখ পরিদর্শনে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেন তিনি। কারাগারে শেখ হাসিনাকে বিষ মেশানো খাবার দেওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, একই ঘটনা খালেদা জিয়ার ক্ষেত্রেও ঘটতে পারে সন্দেহ করে বিষয়টি তদন্ত করে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মোশাররফ। খন্দকার মোশাররফ সেগুনবাগিচায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের বলেন, "জাতীয় ঐক্যের স্বার্থে টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে আলাদাভাবে নয়, বিশেষজ্ঞদের নিয়ে একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠাতে হবে। আমরা আলাদা প্রতিনিধি দল পাঠানোর প্রত্যাশা করি না। "একটি প্রতিনিধি দল না হলে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট ও নিজেদের মধ্যে বিভাজন প্রকাশ পাবে। এর ফলে ওই বাঁধের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা কমে যাবে।" টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে সংসদীয় একটি প্রতিনিধি দল গঠিত হলেও তাতে বিএনপি নিজেদের অন্তর্ভুক্ত করেনি। দলে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে পাঁচ জন বিশেষজ্ঞের নাম যুক্ত করার শর্ত দিয়েছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে আলাদা একটি দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন। বিএনপির প্রস্তাব অনুযায়ী সংসদীয় দলে বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা না করা হলে কী করা হবে- জানতে চাওয়া হলে মোশাররফ বলে, "বাধ্য হয়ে আলাদা প্রতিনিধি দল পাঠানোর চিন্তা আমাদের করতে হবে।" টিপাইমুখ প্রকল্পের বিষয়ে ভারত তথ্য-উপাত্ত সরবরাহ করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ইতোমধ্যে বলেছেন, সরকার চাইলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। বাংলাদেশের প্রতিনিধি দল যাওয়ার আগে টিপাইমুখে বাঁধ নির্মাণ কাজ বন্ধে ভারতের প্রতি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির অনুরোধের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, "পররাষ্ট্রমন্ত্রীর এই অনুরোধ বিএনপির এতদিনের উদ্বেগ-উৎকণ্ঠা সত্য প্রমাণিত হয়েছে। আমরা আগে থেকে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে কথা বলে আসছিলাম। কিন্তু সরকার তা উড়িয়ে দিয়েছিল।" টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে বিএনপির অবস্থানের কথা জানিয়ে মোশাররফ বলেন, প্রকল্পটি বন্ধের জন্য বিরোধী দলের নেতা খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে ব্যক্তিগতভাবে চিঠিও দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার মোশাররফ বলেন, "টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ। ভারতের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। বরাক নদীর ওপরে যে স্থানে বাঁধটি নির্মাণ করা হচ্ছে, তা একটি ভূ-আন্দোলনগত সক্রিয় অঞ্চল হিসেবে চি‎িহত। ওই বরাক নদীর পাশ দিয়ে 'ডাউকি ফল্ট' বা চ্যুতিটি সঞ্চারণশীল। "সেখানে এ রকম একটি জলাধার নির্মাণ হলে ভূ-কম্পন ও ভূমি ধসের সৃষ্টি হতে পারে। সে জন্য ভারতের ভূতাত্ত্বিকরাও এ প্রকল্পটির বিরুদ্ধে মত দিয়েছেন।" দুই দেশের ওপর দিয়ে প্রবাহিত নদীর ক্ষেত্রে ভাটির দেশের (বাংলাদেশ) সঙ্গে কথা না বলে এ ধরনের বাঁধ নির্মাণ আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী বলে জানান অধ্যাপক। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসএম/এমআই/১৪৩৫ ঘ.