ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি সপ্তাহে সংসদীয় দলের বৈঠক না হওয়া পর্যন্ত সংসদের বাজেট অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি।
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অধিবেশনে যোগ দেবো কি না তা নিয়ে আগামী সপ্তাহে সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।"
সংসদে আরো দু'টি আসনের দাবিতে স্পিকার আব্দুল হামিদের সঙ্গে দু'দফা বৈঠক শেষে রোববার জয়নাল আবদিন এসব কথা বলেন।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, স্পিকারের সঙ্গে তার বৈঠকে আসন বন্টন নিয়ে কোন নিষ্পত্তি হয়নি।
তিনি বলেন, "আমি আজও তাকে (স্পিকার) তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সামনের সারিতে আমাদের সম্মানজনক আসন দেওয়ার বিষয়টি যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছি।"
কিন্তু 'সম্মানজনক সংখ্যাটি' কত তিনি তা বলেননি।
চলতি সপ্তাহের যে কোন দিন অনুষ্ঠিতব্য সংসদীয় দলের বৈঠকে বিষয়টি তিনি জানাবেন বলেও জয়নাল আবদিন জানান।
সামনের সারিতে বিএনপির আসন সংখ্যা বর্তমান পরিস্থিতিতে আর বাড়ানো সম্ভব নয় বলে এরই মধ্যে স্পিকার আব্দুল হামিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
স্পিকারের চেয়ারের বাঁপাশে সামনের সারির নয়টি আসনের মধ্যে পাঁচটি বর্তমানের বিএনপির জন্য বরাদ্দ রয়েছে।
প্রধান বিরোধী দল বিএনপি সামনের সারিতে সাতটি আসন দাবি করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এর বিরোধিতা করছে। সরকারি দলের ভাষ্য, আসনসংখ্যার অনুপাতে তাদের নায্য আসনই দিয়েছেন স্পিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/টিআর/২৩৫৫ঘ.
bdnews24