২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে নথিপত্র দিয়ে সহায়তা করুন: লন্ডনকে ঢাকা

অধিকতর স্বচ্ছতার সঙ্গে যুদ্ধাপরাধের বিচার করার জন্য ব্রিটেনের প্রতি নথিপত্র দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়, সিঙ্গাপুর সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন মন্ত্রী এসময় দীপু মনিকে প্রতিরক্ষা খাতে সহযোগিতার আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিকতর স্বচ্ছতার সঙ্গে যুদ্ধাপরাধের বিচার করার জন্য ব্রিটেনের প্রতি নথিপত্র দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়, সিঙ্গাপুর সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন মন্ত্রী এসময় দীপু মনিকে প্রতিরক্ষা খাতে সহযোগিতার আশ্বাস দেন। নিরাপত্তা বিষয়ক এক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য দীপু মনি শুক্রবার সিঙ্গাপুর যান এবং ব্রিটিশ আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ব্যারনেস অ্যান টেইলরসহ কয়েকটি দেশের নেতার সঙ্গে বৈঠক করেন। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের উদ্যোগের কথা দীপু মনি অ্যান টেইলরকে অবহিত করেন। দীপু মনি তাকে বলেন, এ ব্যাপারে ব্রিটেনের মহাফেজখানায় সংরক্ষিত নথিপত্র বিচারের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। দীপু মনি শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোলাগামার সঙ্গেও বৈঠক করেন। বোগোলাগামাকে দীপু মনি জানান, বাংলাদেশের সরকার জঘন্য অপরাধে অভিযুক্তদের বিচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। বিবৃতিতে বলা হয়, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেন। এ ধরনের বিচারের অধিকার বাংলাদেশের আছে বলে তিনি মত দেন। দীপু মনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ং বুন ইয়েও-এর সঙ্গে বৈঠক করে তাকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগীদের আসন্ন বিচারের কথা জানান। বৈঠকে সিঙ্গাপুরের মন্ত্রীর কাছে পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশী শিক্ষাগত ডিগ্রীকে স্বীকৃতি দেয় সে ব্যবস্থার অনুরোধ করেন। দীপু মনি বিশেষ করে বাংলাদেশের রোগী ও ছাত্রদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে তোলারও প্রস্তাব দেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে বলা হয়, গেটস বাংলাদেশকে প্রতিরক্ষাসহ সব খাতে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে দীপু মনিকে আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/১৯১১ঘ.