২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি: শুনানি ২টা পর্যন্ত মুলতবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার সরকারি নোটিশ চ্যালঞ্জ করে দায়ের করা রিট ও সম্পূরক আবেদনের ওপর সোমবার সকালে হাইকোর্টে শুরু হওয়া শুনানি দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 07:06 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার সরকারি নোটিশ চ্যালঞ্জ করে দায়ের করা রিট ও সম্পূরক আবেদনের ওপর সোমবার সকালে হাইকোর্টে শুরু হওয়া শুনানি দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে সকালের শুনানিতে খালেদার পক্ষে বিচারপতি টি এইচ খান ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ অংশ নেন। সরকার পক্ষে অংশ নেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িটি ছাড়া নিয়ে সরকার ২০ এপ্রিল প্রথম নোটিশ দেয়। এরপর গত ৭ মে একটি সম্পূরক নোটিশ দেয় সরকার। গত রোববার সম্পূরক নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে একই বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে একটি সম্পূরক আবেদন করেন তার কৌঁসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সম্পূরক আবেদনে গত ৭ মে দেওয়া সরকারের সম্পূরক নোটিশ স্থগিতের আবেদন করা হয়। এর আগে সকালে খালেদার পক্ষে আবেদনটি এফিডেভিট করার অনুমতি দেয় একই আদালত। সম্পূরক আবেদনে বলা হয়, খালেদা জিয়া গত ৩ মে রিট দায়ের করার পর সরকার পক্ষ থেকে বলা হয়েছিল তাকে ১০ মে পর্যন্ত হয়রানি করা হবে না। এই আশ্বাসে আদালত রিটের শুনানি ১০ মে পর্যন্ত মুলতবি করে। কিন্তু এর মধ্যে ৭ মে সম্পূরক নোটিশ দিয়ে আগের নোটিশ সংশোধন করে আদালতের সঙ্গে 'প্রতারণা' করা হয়েছে। আবেদনে খালেদাকে বাড়ি ছাড়তে দেওয়া প্রথম নোটিশ অবৈধ আখ্যায়িত করে বলা হয়, একই কারণে এটি সংশোধন করে সম্পূরক যে নোটিশ দেওয়া হয়েছে তাও অবৈধ। এই দ্বিতীয় নোটিশও খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই দেওয়া হয়েছে। এই নোটিশ সংবিধান ও আইন পরিপন্থী। পর পর চারটি বেঞ্চ শুনানিতে বিব্রত হয়ে অপারগতা প্রকাশ করার পর গত ১২ মে হাইকোর্টের এই বেঞ্চ খালেদার রিটটি শুনানির জন্য গ্রহণ করে। এর আগে ২০ এপ্রিল সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর আলোচিত বাড়িটি ১৫ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য খালেদা জিয়াকে নোটিশ দিয়েছিল। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন খালেদা। ওই দিন হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনানিতে বিব্রতবোধ করেন। ১০ ও ১১ মে আরো দু'টি বেঞ্চ শুনানিতে বিব্রতবোধ করার পর প্রধান বিচারপতি হাইকোর্টের রিটটি শুনানির জন্য এই পঞ্চম বেঞ্চে পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জিএনএ/১৩১৪ ঘ.