রাজশাহী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের গঙ্গা নদীর পানি ন্যায্য হিস্যা আদায়ে আন্দোলনের কোন বিকল্প নেই বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ন্যায্য অধিকার আদায় করতে হবে।" বর্তমান সরকার ভারতের সঙ্গে স্পর্শকাতর ইস্যুতে আলোচনায় অনাগ্রহ প্রকাশ করে চলেছে।"
শনিবার বিকেলে ফারাক্কা লং মার্চের বার্ষিকী পালন উপলক্ষে রাজশাহী মহানগর জামায়াত আয়োজিত জনসভায় মুজাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, "ফারাক্কা বাঁধের কারণে দেশের প্রতিটি নদী মরে যাচ্ছে এবং উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হতে বসেছে। পানির ন্যায্য হিস্যা পাওয়া গেলে এসব থেকে দেশ মুক্তি পাবে।"
জামায়াত নেতা বলেন, "ভারতের মনিপুর রাজ্যেও টিপাইমুখ এলাকায় বরাক নদীর ওপর বাঁধ নির্মাণের ষড়যন্ত্র চলছে।"
এ ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
নগরীর লোকনাথ হাইস্কুল মাঠে রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- নওগাঁ জেলা আমির সালেকুর রহমান, নাটোর জেলা আমির ইউনুস আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির রফিকুল ইসলাম, বগুড়া জেলা আমির শাহাবুদ্দিন, কুষ্টিয়া জেলা আমির আব্দুল ওয়াহেদ, পাবনা জেলা আমির আব্দুর রহিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হোসেন সাঈদী, মহানগর সভাপতি নূর মোহাম্মদ মন্ডল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24