নীলফামারী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রাম থেকে শুক্রবার রাতে হিযবুত তাওহীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র, স্মরণিকা, পত্রিকা, পোস্টার, জিহাদী বই ও সদস্য ফরম উদ্ধার করা হয়।
এরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার শাহাজরা গ্রামের আনিছুর রহমানের মেয়ে আসমা খাতুন (২৬) এবং যশোরের শার্শা উপজেলার নয়নপুর গ্রামের আরিফুল ইসলাম (৩৫)।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এদের সাতদিন জিজ্ঞাসাবাদ করার জন্য (রিমান্ড) বিচার বিভাগীয় হাকিম আদালত অনুমতি দিয়েছে।
ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নুদ্দিন জানান, শুক্রবার রাতে নিষিদদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাওহীদের দুই সদস্য গয়াবাড়ি গ্রামের তমছেরের বাড়িতে বৈঠক করছিলেন। এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।
তমছেরসহ তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে তিনি জানান।
এসআই ময়নুদ্দিন জানান, শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের সাতদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে আবেদন করা হয়। হাকিম তা মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24