ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ নিয়ে দেওয়ানি মামলা দায়েরকে একটি মহলের বিশেষের আইন নিয়ে প্রহসন বলে আখ্যা দিয়েছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
সোমবার বিকালে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,''একটি মহল আইন নিয়ে প্যারোডি করছেন। মামলাটি হাস্যকর। মামলার কোনো তথ্য প্রমাণাদি ও অভিযোগ নেই।"
'আধিপত্যবাদী শক্তির প্ররোচণায়' মামলা করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা এ নেতা।
একই সঙ্গে তিনি 'প্রকৃত যুদ্ধাপরাধীর' বিচার সমর্থন করে বলেন,'' আমিও যুদ্ধাপরাধীর বিচার চাই। তবে তা হতে হবে তথ্যপ্রমাণ সাপেক্ষ।''
আদালতের তলব সম্পর্কে এক প্রশ্নের জবাবে সাকা চৌধুরী নামে সমানভাবে পরিচিত এ নেতা বলেন, "নোটিসটি এখনো পাইনি। তা আসার পর এ বিষয়ে দেখে কথা বলা যাবে।"
অন্য এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী হাইকোর্টের চারটি বেঞ্চে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়া সংক্রান্ত রিট মামলাটি শুনতে বিচারকদের বিব্রতবোধ করা সম্পর্কে বলেন,'' এরকম বিব্রতবোধ স্বাধীন বিচার ব্যবস্থায় পরাধীনতার এক নজির সৃষ্টি করেছে।"
সোমবার দুপুরে জামায়াতের সাবেক আমীর গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে এক দেওয়ানি মামলায় ঢাকার নবম সহকারি জজ আদালত তাদের সমন পাঠানোর আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৪৬ঘ.
bdnews24