নওগাঁ, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে নওগাঁর মহাদেবপুর থানায়।
বুধবার মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস ফকির পিপিএম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মো. ইলিয়াস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে (ইলিয়াস ফকির) হুমকি ও থানা উড়িয়ে দেওয়া এবং সরকার উৎখাতের লক্ষ্যে ষড়যন্ত্রমূলক বক্তব্য রাখার পাশাপাশি পিলখানার ঘটনায় ভিডিও ক্যসেট বের করা নিয়ে গুজব ছড়ানো, দেড় থেকে দুই মাসের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মারা পড়বে বলে দম্ভোক্তি, সেনাবাহিনী সম্পর্কে কটুক্তিসহ নানা ধরনের রাষ্ট্রদ্রোহী বক্তব্য প্রদানের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে দণ্ডবিধির ১২০ (খ)/১২১ (ক)/১২৪ (ক) ধারায় মামলাটি দায়ের করা হয় বলে তিনি জানান। মামলা নম্বর ৭।
রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্যের পর মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিডির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ ২১ মার্চ আখতার হামিদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে।
ওই রাতেই তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। পরে ২০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে আটকাদেশের মেয়াদ আরও ৩ মাস বাড়ানো হয়।
এখন তিনি নওগাঁ কারাগারে আছেন।
এর আগে গত ২২ মার্চ সাবেক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মহাদেবপুর থানায় দু'টি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এছাড়া হুমকি দেওয়ার অভিযোগে মহাদেবপুর থানা এবং বদলগাছী থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা পৃথক দু'টি জিডিও করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২১০৫ ঘ.
bdnews24