ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে মুক্তিযোদ্ধাকে বাবাকে হত্যার অভিযোগে মাগুরায় মঙ্গলবার একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ নয় 'রাজাকারের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বামী ও ভাসুরকে হত্যা এবং বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে কিশোরগঞ্জে মামলা হয়েছে ১৮ রাজাকারের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে নয়জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাটি করেন শহীদ মুক্তিযোদ্ধা বিলায়েত আলী ছেলে সদর উপজেলার কালুপাড়া গ্রামের শরাফত আলী মীর।
হাকিম শেখ জালাল উদ্দিন মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন ওরফে বাঁশি মিয়া (৬৫), কালু পাড়া গ্রামের কাশেম মৌলভী (৬৭), হাশেম মোল্লা (৬৫), রোস্তম মোল্লা (৬২), আজিজ মোল্লা (৬২), ছাত্তার মোল্লা (৬৩), মোস্তফা মোল্লা (৫৮), রূপদহ গ্রামের কামাল শেখ (৬১) ও সংকোচখালী গ্রামের আকমল শেখ (৬৩)।
বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান মামলায় অভিযোগ করা হয়েছে- মুক্তিযোদ্ধা বিলায়েত আলী ১৯৭১ সালে মহম্মদপুর উপজেলার নহাটা এলাকায় কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। ওই বছরের ২৭ অক্টোবর তিনি পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। শত্র"জিতপুর ক্যাম্পের রাজাকাররা সেদিন তাকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে।
মামলায় নয়জনকে সাক্ষী করা হয়েছে।
গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। সংকোচখালী গ্রামের খোদেজা বেগম ১৯৯৯ সালের ৮ জুলাই মুক্তিযুদ্ধের সময় তার বাবাকে হত্যার অভিযোগে আদালতে মামলাটি করেন।
কিশোরগঞ্জ: জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে ১৮ 'রাজাকারের' বিরুদ্ধে মামলাটি করেন জেলার সদর উপজেলার সেহড়া গ্রামের সায়রা বানু।
শুনানি শেষে হাকিম আবু তাহের সাইদ মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- সেহড়া গ্রামের তখনকার রাজাকার কমান্ডার তাজুল ইসলাম তাজু ও শামসু। এছাড়া অজ্ঞাত আরও ১৬ রাজাকারকে মামলায় আসামি করা হয়েছে।
সায়রা বানু অভিযোগ করেন, ১৯৭১ সালের ৫ নভেম্বর তাজুল ইসলাম তাজু ও শামসুর নেতৃত্বে সশস্ত্র একদল রাজাকার তাদের বাড়িতে হানা দেয়। তারা সায়রার স্বামী স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিম ও ভাসুর আব্দুল হেকিমকে হত্যা করে বাড়িটি পুড়িয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এফএফ/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24