খুলনা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়িটি খালেদা জিয়াকে অবৈধভাবে দেওয়া হয়েছিল মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, এ নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে সরকার সেটি 'নিয়মতান্ত্রিকভাবে' মোকাবেলা করবে।
শনিবার খুলনার সার্কিট হাউস প্রাঙ্গণে ৮ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, "হুসেইন মুহম্মদ এরশাদ অবৈধভাবে তাকে (খালেদা) বাড়িটি দিয়েছিলেন। এ ক্ষেত্রে মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
শনিবারই এক প্রতিবাদ সমাবেশে বিএনপি এ জন্য 'নিয়মতান্ত্রিক আন্দোলনের' ঘোষণা দিয়েছে।
সেনানিবাসের মতো একটি স্পর্শকাতর জায়গায় একজন রাজনীতিকের থাকা সমীচীন নয় মন্তব্য করে ফারুক খান বলেন, "খালেদা জিয়ার বাড়ি নিয়ে কেউ রাজনীতি করতে চাইলে আমরা সেটি নিয়মতান্ত্রিকভাবেই মোকাবেলা করবো।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক খান অভিযোগ করেন, "পিলখানা হত্যাকাণ্ড নিয়ে খালেদা জিয়া দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন।"
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। এর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি সাজা না পায়।"
এর আগে বাণিজ্যমন্ত্রী মাসব্যাপী ৮ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান প্রমুখ।
পরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী ফারুক খান।
এ সময় প্রেসক্লাবের সভাপতি একে হিরু, সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী, ওয়াদুদুর রহমান পান্না, মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে পাবনা প্রতিনিধি জানান, খালেদা জিয়াকে দুইটি সরকারি বাড়ি দিয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ প্রচলিত আইন লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
পাবনার আতাইকুলায় শেখ হাসিনা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণে শামসুল হক টুকু একথা বলেন।
তিনি বলেন, "এই বাড়ি নিয়ে আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আওয়ামী লীগ ১৪ দল তথা মহাজোটকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিরোধ করবে।"
আতাইকুলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/এসকে/২০৫৮ঘ.
bdnews24