কক্সবাজার, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ন হয়ে বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান।
তিনি বলেন, "সরকারের মাথায় এখন অন্য কিছু নেই। একটাই কাজ খালেদা জিয়াকে উৎখাত করা।"
বৃহস্পতিবার দুপুরে ১২টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম এ কথা বলেন।
লিজ বাতিলের সিদ্ধান্তকে 'হালকা-পাতলা' ও অযৌক্তিক অভিহিত করে তিনি বলেন, "সরকার জাতিকে বিভ্রান্ত করছে।"
বিএনপি নেতা বলেন, "যারা সরকার পরিচালনা করছেন তাদের মস্তিষ্ক আছে, কিন্তু হৃদয় নেই। আর হৃদয়হীন নেতৃত্বের অধীনে বসবাসকারীদের থাকতে হয় সদা সন্ত্রস্ত অবস্থায়। দেশের মানুষও এখন সন্ত্রস্ত অবস্থার মধ্যে জীবন যাপন করছে।"
তিনি বলেন, "দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাসকারী খালেদা জিয়ার সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটির ইজারা বাতিল করে হৃদয়হীন নজির সৃষ্টি করেছে সরকার। মালপত্র নিয়ে খালেদা জিয়া বাড়ি ছেড়ে যাচ্ছেন এটা দেখে তারা আনন্দ পাবেন।"
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, "বিডিআর হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানার জন্য দেশের মানুষ যখন উম্মুখ হয়ে আছে ঠিক সে সময়ে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য জন্যই এ কাজ করা হয়েছে।"
তিনি বলেন, "সরকার নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার কথা বলছে। মিরপুরে নতুন যে ডিওএইচএস করা হচ্ছে সেখানে শত শত প্লট পড়ে আছে। সেখানে পুনর্বাসন করতে পারতেন। কিন্তু তা না করে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত নিল।"
নজরুল ইসলাম বলেন, "তারাও (সরকার) জানেন এ বাড়ির ইজারা বাতিল করলে মামলা হবে। মামলা চললে সেখানে সেনা পরিবারের জন্য বাড়ি করা যাবে না। তখন দায় চাপানো হবে খালেদা জিয়ার ঘাড়ে। এভাবে সরকার খালেদা জিয়াকে হেনস্তা করতে চায়। অন্যদিকে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য দায়িত্ব পালন না করারও একটি রাজনৈতিক অপকৌশল নিতে চায়।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তার স্ত্রী কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হাসিনা আহমদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এইচএ/১৭৪১ ঘ
bdnews24