ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের ৬ নং শহীদ মইনুল সড়কের বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানোর ঠিক এক সপ্তাহ বাদেই বুধবার বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়াকে তৎকালীন সরকার বাড়িটি ইজারা দিয়েছিল।
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "লিজের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিকে দুইটি বাড়ি বরাদ্দ দেওয়া যায় না। যেহেতু ১৯৮১ সালে একটি (সেনানিবাসের বাড়ি) এবং ১৯৮২ সালে আরেকটি বাড়ি দেওয়া হয়, তাই সরকার একটি বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।"
"খালেদা জিয়াকে গুলশানে দেড় বিঘার আরেকটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে, তাই ক্যান্টনমেন্টের ৯ বিঘার বাড়িটির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে", বলেন তিনি।
সেনানিবাসের বাড়িটি সেনা প্রধানের সরকারি বাসভবন হিসেবে পেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৫ সালের রক্তক্ষয়ী ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় জিয়া সামরিক আইন জারি করে রাষ্ট্রক্ষমতা দখল করেন এবং পরে বিতর্কিত ভোটের মাধ্যমে বেসামরিক সরকার প্রধান হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ এপ্রিল সংসদে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। খালেদা জায়গাটি ছেড়ে দিলে সেখানে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেছিলেন, "একজন রাজনীতিবিদ বা বিরোধীদলীয় নেতা হিসাবে কারোরই সেনানিবাসে থাকা সমীচীন নয়।"
হাসিনা আরো বলেন, "আপনাকে গুলশানে দেড় বিঘার আরেকটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি কেন সেনানিবাসের এই জমি আঁকড়ে থাকবেন।"
তার ওই বক্তব্যের ঠিক এক সপ্তাহ পর মন্ত্রিসভার বৈঠকে বুধবার সেনানিবাসের বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়।
খালেদাকে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ এপ্রিল সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সাংসদ সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর এক প্রশ্নের জবাবে বলেন, "আমি তাকে ঢাকা সেনানিবাসের ৬নং শহীদ মইনুল সড়কের বাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানাবো।"
সরকারি দলের আরেক সাংসদ নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবুর অপর এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন, "একজন রাজনীতিবিদ বা বিরোধীদলীয় নেতা হিসাবে কারোরই সেনানিবাসে থাকা সমীচীন নয়।"
সেনানিবাসের ভেতরে অবস্থিত ওই বাড়ির বরাদ্দ বাতিল করা হবে কিনা সে সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে জানিয়ে তিনি বলেন, "আমি একা এই সিদ্ধান্ত নিতে পারি না।"
'ক্যান্টনমেন্ট বোর্ড ল' লঙ্ঘন করে সেসময় খালেদাকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
এই পর্যায়ে তিনি ঘোষণা করেন, ২০০১ সালে তার ছোট বোন শেখ রেহানাকে ধানমণ্ডিতে যে এক বিঘা জমি দেওয়া হয়েছিলো তা তিনি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দিয়ে দেবেন। সেখানেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে।
২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণের পর পরই শেখ রেহানার নামে ধানমণ্ডির জমির বরাদ্দ বাতিল করে। পরে সেখানে ধানমণ্ডি থানা স্থাপন করা হয়।
খালেদা জিয়া সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিলে সেখানে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য এ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে বলেও সংসদে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, "পরিবারপ্রতি দুটি করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। একটায় তারা থাকবেন, আর আরেকটি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করবেন।"
হাসিনা আরো বলেন, "তার তো নিজে থেকেই ঐ বাড়ি ছেড়ে দেওয়া উচিত, ঐ শহীদ পরিবারগুলোর জন্য। তাতে জাতি উনাকে চিরদিন সম্মান করবে।"
প্রধানমন্ত্রী জানান, তিনি ১৯৮১ সালের ১২ জুনের মন্ত্রিসভার বৈঠকের কার্যবিবরণী খতিয়ে দেখতে পান যে, মন্ত্রিসভা খালেদা জিয়াকে সেনানিবাসের এই বাড়িটি বরাদ্ধ দেয়নি। বরং মন্ত্রিসভা তাকে গুলশানে একটি বাড়ি বরাদ্দ দিয়েছিল।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার সেনানিবাসের মইনুল সড়কের বাড়িটি ছেড়ে দেওয়া উচিত। গুলশানে একটি বাড়ি বরাদ্দ পাওয়ার পরও তিনি এ বাড়িটি দখল করে আছেন।
খালেদার বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ
সাবেক আইনমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীকে জানান, বাড়িটিতে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিধি-নিষেধ আরোপসহ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে ৯৯ বছরের জন্য বাড়িটি ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু বাড়িটিতে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ড্যান্ডি ডাইয়িংয়ের প্রধান কার্যালয় স্থাপনের মাধ্যমে তিনি সে শর্ত ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন আব্দুল মতিন খসরু।
শর্ত ভঙ্গের কারণে সরকার ওই বাড়িটির ইজারা বাতিল করবে কি না- জানতে চান তিনি।
জবাবে হাসিনা বলেন, সেনানিবাস কর্তৃপক্ষ তাকে বাড়িটি বরাদ্দ দেওয়ার এখতিয়ার রাখেনা। তারপরও আইন লংঘন করে এমনটি করা হয়েছে।
ব্যাংক ঋণের জন্য খালেদার পরিবার ইজারার শর্ত ভেঙে বাড়িটি বন্ধক রেখেছিল বলেও জানান শেখ হাসিনা।
জাতীয় পার্টির সাংসদ হাফিজউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী
প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের পরিবারকে সেনানিবাসের বাড়িটি দেওয়ার জন্য সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে দোষারোপও করেন।
এ বিষয়ে শেখ হাসিনা বলেন, "এর জন্য কাউকে যদি দোষী করতে হয়, তা হলে এরশাদ সাহেবকে করতে হবে। উনি ওনার ভাবী সাহেবকে খুশি করার জন্য এটা দিয়েছিলেন।"
আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সাবেক প্রধানমন্ত্রী এক কোটি কালো টাকা সাদা করেছেন ৩৩ লাখ টাকা কর দিয়ে। ওনার দু'ছেলেই কোটি কোটি টাকার কালো টাকার সম্পত্তি সাদা করেছেন। ছোট ছেলে ছয় কোটি টাকা সাদা করেছেন। টাকা যে তারা প্রচুর কামিয়েছেন তা বোঝাই যাচ্ছে।"
দুর্নীতি দমন কমিশনে খালেদার দায়ের করা সম্পদের তথ্য বিবরণীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা শুনেছিলাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর সময় পরিবারের জন্য কিছুই রেখে যাননি।
"তবে দুদকে সম্পদের যে তথ্য বিবরণী দাখিল করা হয়েছে তাতে দেখা গেছে- জিয়াউর রহমান সাভার ও উত্তরার উত্তরখানে জমি কিনেছিলেন।
"একজন রাজনীতিবিদ হয়েও আপনি কেন সেনানিবাসে থাকছেন? গুলশানে আপনার নামে আরেকটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে, তারপরও আপনি কেন সেনানিবাসের জমি আঁকড়ে আছেন?"
স্বামী জিয়ার মৃত্যুর পর খালেদা ও তার দুই ছেলেকে রাষ্ট্রের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে হাসিনা বলেন, তাকে গুলশান ও সেনানিবাসে দুটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া তিনি ও তার দুই ছেলে রাষ্ট্রের পক্ষ থেকে এককালীন ১০ লাখ টাকা এবং ১৯৮৬ সাল পর্যন্ত তার দুই ছেলের পড়াশোনার জন্য মাসিক দেড় হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি ও চালকসহ একটি গাড়িও তাদের বরাদ্দ দেওয়া হয়েছিল বলে সংসদকে জানান শেখ হাসিনা।
বর্তমানে খালেদা সব সুযোগ-সুবিধাসহ সেনানিবাসের বাড়িটিতে থাকার পাশাপাশি গুলশানের বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন বলেও সংসদকে সেদিন অবহিত করেন প্রধানমন্ত্রী।
"তবে আমি ও আমার বোন রাষ্ট্রের কাছ থেকে কোন সুবিধা নিইনি", বলেন হাসিনা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
হাসিনার সঙ্গে সুর মেলালেন এরশাদও
খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে সংসদে শেখ হাসিনার বক্তব্যের পর ২ এপ্রিল রংপুরে একই সুরে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও।
তিনি বলেন, "ক্যান্টনমেন্টের বাসায় বসে রাজনৈতিক কর্মকাণ্ড করা ঠিক নয়। গণতন্ত্র ও রাজনীতির স্বার্থে তাকে বাসাটি ছেড়ে দেওয়া উচিত।"
এরশাদ আরও বলেন, "সেনানিবাসে থেকে রাজনীতি করা সঙ্গত নয়। ওটা সংরক্ষিত এলাকা। সেখানে বিভিন্ন ধরনের মানুষের যাতায়াত হলে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হতে পারে।"
ওই সময় খালেদা জিয়াকে সেনানিবাসের বাসাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান সাবেক এই সেনাপ্রধান।
এরশাদ বলেন, "খালেদা জিয়া যে বাড়িতে থাকেন সেটি 'ক্যান্ট বোর্ডের' অধীনে। আমি তাকে বরাদ্দ দিয়েছিলাম তার ছোট ছোট ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমি তখন জানতাম না সেখানে বসে তিনি রাজনীতি করবেন। এটা জানলে হয়তো তাকে বাসাটি দিতাম না। আমি সেনাবাহিনী প্রধান ছিলাম বলে বেগম জিয়াকে ওই জায়গা দিয়েছিলাম।"
তিনি বলেন, "সরকার ইচ্ছা করলে সেনানিবাসের বাড়িটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। তবে বেগম জিয়ার উচিত বাড়িটি ছেড়ে দেওয়া।"
জিয়া ও তার সেনানিবাসের বাড়ি
ঢাকা সেনানিবাসে মইনুল সড়কের বাড়িটিতে জিয়া পরিবারের বসবাস শুরু সেই ১৯৭০ দশকের গোড়ার দিকে।
চট্টগ্রামের স্থানীয় রাজনীতিক ও বেতারকর্মীরা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করার জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন। তিনি '৭১-এর মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডারের দায়িত্বও পালন করেন। পরে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে তার দ্রুত পদোন্নতি ঘটে।
জিয়াকে মেজর জেনারেল কে এম শফিউল্লাহর ডেপুটি চিফ অব স্টাফ করা হয়। '৭১ সালের মেজর জিয়া মাত্র দুই বছরের মধ্যে মেজর জেনারেল হন।
১৯৭৬ সালে জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তৎকালীন রাষ্টপতি এএসএম সায়েমকে অপসারণ করে নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন এবং পরে রাষ্ট্রপ্রধান হিসেবে আবির্ভূত হন।
সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর সেনাপ্রধানের সরকারি বাসভবন হিসেবে তিনি এ বাড়িটি পান। এমনকি আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে বিদায় নিলেও তিনি ছাড়েননি সেই বাড়িটি। অবসর গ্রহণের আগে জিয়া নিজেকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেন।
জিয়া হত্যাকাণ্ডের পর তার পরিবারের প্রতি সারা দেশে বিভন্ন মহলের সহানুভূতি দেখা যায়। দৃশ্যত জিয়া তার দুই ছেলে ও বিধবা স্ত্রীর জন্য কিছুই রেখে যাননি।
১৯৮১ সালে আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্যান্টনমেন্টের নয় বিঘার বাড়িটি খালেদাকে বরাদ্দ দেয়। পরে ১৯৮২ সালে লে. জেনারেল এরশাদ খালেদাকে গুলশানে দেড় বিঘার বাড়িটি উপহার দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২৩০০ঘ.
bdnews24