ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়ার এখতিয়ার সরকারের হাতে রেখে বিচার বিভাগ পৃথককরণ সম্পর্র্কিত ফৌজদারী কার্যবিধি সংশোধন সংক্রান্ত বিলটি পাস হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল ২০০৯ পাস হয়।
আইনটি ২০০৭ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে যে কোনো অপরাধের বিচারিক ক্ষমতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কাছেই থাকছে।
নবম অধিবেশনের শেষ বৈঠকে মঙ্গলবার এই বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।
জাতীয় সংসদের গত ২ ফেব্র"য়ারির অধিবেশনে দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল ২০০৯ উত্থাপিত হয়। পরে নিয়ম অনুযায়ী তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই বিলটি নিয়ে পাঁচ মার্চ, নয় মার্চ, ১২ মার্চ এবং ১৮ মার্চ কমিটি বৈঠক করে। পাঁচ মার্চ এবং ১৮ মার্চের বৈঠকে কমিটির আমন্ত্রণে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিলের ওপর স্থায়ী কমিটির প্রতিবেদনে কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, "বিচার কর্মবিভাগে নিয়োজিত ব্যক্তিদের লোভ লালসার ঊর্ধ্বে থেকে দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।"
বিচারপ্রাপ্তি জনগণের আর্থিক সাধ্যের বাইরে চলে গেছে মন্তব্য করে এতে তিনি স্বল্পমূল্যে বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
বিলটি যাচাইয়ের জন্য কমিটিতে পাঠাতে প্রস্তাব দেন বিএনপি'র সাংসদ জয়নাল আবদিন, মোহাম্মদ ফজলুল আজিম, নাজিম উদ্দিন আহমেদ, জাফুরুল ইসলাম চৌধুরী, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, নজরুল ইসলাম মঞ্জু, আবুল খায়ের ভূইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তবে বিরোধীদলীয় সাংসদদের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/পিসি/এমএ/এসকে/২২৩২ঘ.
bdnews24