ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিন মঙ্গলবার বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বিগত তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেছেন।
বিএনপি চেয়ারপারসন সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্র"তি রক্ষা, সরকার সমর্থিত ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ ও বিডিআর বিদ্রোহ দমনসহ বিভিন্ন বিষয়ে ব্যর্থতার অভিযোগ করেন।
তিনি পিলখানার ঘটনার দিন সেনা কর্মকর্তাদের উদ্ধারে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করে বলেন,'' আমরা মনে করি সেনা অফিসারদের জীবন, তাদের পরিবারের সদস্যদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে তার আর থাকা উচিত কিনা, সে প্রশ্ন আজ সকলের।''
'গণতন্ত্র রক্ষা করতে' সংসদকে কার্যকর করার জন্যও সরকারি দলের প্রতি আহবান জানান খালেদা জিয়া।
১ ঘন্টা ৪০ মিনিট স্থায়ী ভাষণে বিএনপি নেত্রী তার সরকারের সঙ্গে তত্ত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকারের সাফল্য-ব্যর্থতার তুলনামূলক বর্ণনা দেন। পিলখানার ঘটনার জন্য তিনি সরকার তথা প্রচ্ছন্নভাবে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।
গণতন্ত্র রক্ষা করতে সংসদকে কার্যকর করার ওপর জোর দিয়ে খালেদা জিয়া বলেন, "আমরা সকলে মিলে অঙ্গীকার করতে পারলে এ সাফল্য অর্জন করা সম্ভব।''
এক মাস ছয় দিন অনুপস্থিত থাকার পর খালেদা জিয়া অধিবেশনের সমাপনী দিনে সংসদে যোগ দেন। এবারের অধিবেশনের ৩৯ কার্যদিবসের মধ্যে তিনি এ নিয়ে তিনদিন সংসদে যান।
খালেদা জিয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অভিযোগ খণ্ডন করে বক্তব্য দিলে সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে। উভয়ের বক্তব্যের সময় সাংসদরা নানা ধরণের ধ্বনি দিয়ে অধিবেশন সরগরম রাখেন।
বিকাল ৫টা ৪৩ মিনিটে খালেদা জিয়া বক্তব্য দিতে দাঁড়ান। তিনি ৩৭ মিনিট বক্তব্য দেওয়ার পর মাগরিবের নামাজের জন্য স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করেন। বিরতির পর খালেদা আবার বক্তব্য শুরু করে শেষ করেন ৭টা ৫৩ মিনিটে।
দীর্ঘ বক্তব্যে খালেদা জিয়া রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সরকারের কার্যক্রম, ১১ জানুয়ারির জরুরি অবস্থা জারি, শেখ হাসিনার সরকারের কার্যক্রম, পিলখানার ঘটনা ও তদন্ত কমিটির কার্যক্রম, সেনাবাহিনী, দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য পরিস্থিতি, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা ক্ষেত্রে বর্তমান চিত্র তুলে ধরেন। এছাড়া তিনি তার পাঁচ বছরের শাসনামলে উন্নয়ন কর্মকাণ্ডসহ 'ব্যাপক সফলতার' ফিরিস্তি দেন।
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকারি দল বিরোধী দলের সহযোগিতা নিতে চায় না। ক্ষমতায় এসে তারা বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে।
ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে মন্তব্য করে খালেদা বলেন,"তারা শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো দখল করে নিচ্ছে। ..দেশে শান্তি, স্থিতি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করে তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠানে রক্ত ঝরছে।"
তিনি বলেন,'' আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। শুধু সমালোচনা নয়, সরকারকে দেশ ও জাতির স্বার্থে পরামর্শও দিতে চাই।''
বিরোধী দলীয় নেত্রী পিলখানার ঘটনা প্রসঙ্গে বলেন,''এ ঘটনায় আমাদের সীমান্তরক্ষী বাহিনী ধ্বংস হয়ে গেছে। একে কোনোভাবে খাটো করে দেখার উপায় নেই। এটা বাংলাদেশের বিরুদ্ধেই অঘোষিত যুদ্ধ বলে আমি মনে করি। এর সঙ্গে যারা জড়িত ছিল, যারা পরিকল্পনা করেছে, যারা মদদ দিয়েছে, তারা সবাই দেশের শত্র" ও রাষ্ট্রদ্রোহী।''
সেনা কর্মকর্তাদের উদ্ধারে সেনা বাহিনী প্রধানও ব্যর্থ হয়েছেন বলে খালেদা মন্তব্য করেন।
তিনি বিডিআর বিদ্রোহে দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করে বলেন, '' নইলে দেশের বিরুদ্ধে এ ধরনের আঘাত আসতেই থাকবে।''
পিলখানার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আওতা ও পরিধির 'সীমাবদ্ধতা' তুলে ধরে খালেদা জিয়া বলেন,'' কমিটির হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বিতর্কিত ব্যক্তিকে তদন্ত কর্মকর্তা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে সরকারি এমপি,মন্ত্রীদের নাম এলেও তাদের সিআইডি ডাকছেনা।''
তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দেশের সীমান্তরক্ষী বাহিনীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে তাদের 'দোকানদারি' ও বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত করা হয়েছিল। তাদের এই ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডে নিয়োজিত করার ভয়াবহ পরিণাম আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি।
ফখরুদ্দীন আহমদের সরকারকে আগাম বৈধতা দেওয়ার বর্তমান সরকারি দলের ঘোষণাকে 'ভুল সিদ্ধান্ত' বলে আখ্যায়িত করেন খালেদা জিয়া।
তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারকে 'অবৈধ ও অসাংবিধানিক' সরকার অভিহিত করে বলেন, ''অবৈধ ও অসাংবিধানিক ফখরুদ্দীন সরকার ২ বছরে দেশটাকে ফোকলা করে দিয়েছে। তাদের কর্মকাণ্ডের আগাম বৈধতা দেওয়াটা বর্তমান সরকারি দলের ভুল সিদ্ধান্ত ছিল। এটা আজ তাদের স্বীকার করা উচিত।''
জরুরি অবস্থা জারি করে নির্বাচন বিলম্বিত করার পেছনে সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল না মন্তব্য করে খালেদা জিয়া বলেন,'' সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি বলব, দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠান হিসেবে এইসব অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না। উচ্চাভিলাষী মাত্র কয়েকজন লোক এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। তারা সশস্ত্র বাহিনীর সুনাম নষ্ট করেছে। তাদের পেশাদারিত্ব ও প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয়েছে।''
খালেদা বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক নেতাদের বিনা মামলায় গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হয়েছিল। এরপর মিথ্যা মামলা দিয়ে, নির্যাতন করে তাদের হয়রানি করা হয়েছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকানোর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
খালেদা আওয়ামী লীগের সময়ই বাংলাদেশ প্রথমবার ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমীক্ষায় 'দুর্নীতিতে এক নম্বর' হয় বলে উল্লেখ করেন। বিরোধীদলীয় নেত্রী বলেন, বিএনপির সময় দুর্নীতির সূচক নিচে নেমে আসে।
আওয়ামী লীগের সাংসদদের শোরগোলের মধ্যে খালেদা স্পিকারকে উদ্দেশ করে বলেন, অনেক দিন পর সংসদে এসেছি। কথা বলতে দিন। না হলে চলে যেতে পারি।
আওয়ামী লীগ আমলে পরীক্ষায় 'নকলের মহোৎসব' হয়েছে মন্তব্য করে বিরোধী দলীয় নেত্রী বলেন, "বিএনপির সময় তা নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা সেই নকলের মহোৎসব বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছিলাম। নারীশিক্ষা, অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করেছিলাম।"
নবম সংসদ অধিবেশনে ৩৯ কার্যদিবসের মধ্যে এটি ছিল খালেদা জিয়ার মাত্র তৃতীয় দিন। এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠান ২৫ জানুয়ারি ও ১ মার্চ সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন। তার দল আসন বিন্যাসের প্রতিবাদসহ বিভিন্ন কারণে কয়েকদিন সংসদের বাইরে ছিল।
মাগরিবের নামাজের বিরতির আগে খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতে স্পিকারের কাছে অভিযোগ করেন, তার বক্তব্য ও বিরোধী দলের শপথ অনুষ্ঠান রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বিটিভিতে স
bdnews24