ঢাকা,এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল ২০০৯ মঙ্গলবার সংসদে পাস হয়েছে।
বিলটি পাসের আগে যাচাই বাছাইয়ের জন্য কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হলেও তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
গত ২৯ মার্চ বিলটি সংসদে উত্থাপন করা হয়। পরে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার পর বিলটি সর্বসম্মতভাবে পাসের জন্য কমিটি সুপারিশ করে।
নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল ২০০৯ পাসের জন্য সংসদে তোলেন ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা।
এটি যাচাই বাছাইয়ের জন্য কমিটিতে পাঠাতে বিএনপি'র কয়েকজন সাংসদ প্রস্তাব করেন। বিএনপি সাংসদ জয়নাল আবদীন, মাহবুবউদ্দিন খোকন, জাফরুল ইসলাম চৌধুরী, ফজলুল আজিম, নজিমুদ্দিন আলম, আসিফা আশরাফি পাপিয়া এবং এ এইচ এম হামিদুর রহমান আজাদ তাদের প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে বক্তব্য রাখলেও কণ্ঠভোটে তাদের প্রস্তাব নাকচ হয়ে যায়।
এদিকে, মঙ্গলবার নবম জাতীয় সংসদদের প্রথম অধিবেশনের শেষ দিনে এক মাস ছয়দিন পর সংসদে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
এই অধিবেশনের স্থায়ীত্বকাল ছিল ৩৯ দিন। এরমধ্যে, জানুয়ারি মাসে তিন দিন, ফেব্র"য়ারি মাসে ১৯ দিন, মার্চ মাসে ১২ দিন এবং এপ্রিল মাসে পাঁচ দিন।
প্রথম অধিবেশনেই মন্ত্রণালয় সম্পর্কিত ৪৭টি স্থায়ী কমিটি গঠিত হয়েছে। বিল উত্থাপিত হয়েছে ৪০টি।
এরমধ্যে, দি সিটিজেনশিপ (সংশোধন) বিল ২০০৯, নির্বাচন কমিশন সচিবালয় বিল ২০০৯, ভোটার তালিকা বিল ২০০৯, নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৬-০৭ অর্থ বছর) বিল ২০০৯, নির্দিষ্টকরণ (২০০৭-০৮ অর্থ বছর) বিল ২০০৯, নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৭-০৮ অর্থ বছর) বিল ২০০৯, নির্দিষ্টকরণ (২০০৮-০৯ অর্থ বছর) বিল ২০০৯, মানি লন্ডারিং প্রতিরোধ বিল ২০০৯, অর্থ (২০০৭-০৮ অর্থ বছর) বিল ২০০৯, অর্থ (২০০৮-০৯ অর্থ বছর) বিল ২০০৯, আয়কর (সংশোধন) বিল ২০০৯, ট্রেডমার্ক বিল ২০০৯, সন্ত্রাস বিরোধী বিল ২০০৯, গ্রাম সরকার (রহিতকরণ) বিল ২০০৯ সহ ৩১টি বিল পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এসএম/পিসি/এএল/এইচএ/১৮১২ঘ.
bdnews24