বগুড়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানিবাসের বাসা ছেড়ে দিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি সংসদে যে আহ্বান জানিয়েছেন সেটাকে ষড়যন্ত্রমূলক ও আপত্তিকর বলে অভিহিত করেছেন নবনির্বাচিত বিএনপি সাংসদ জমির উদ্দিন সরকার।
তিনি বলেন, "সংসদে আমি এর জবাব দেব।"
শনিবার বগুড়া-৬ (সদর উপজেলা) নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় সাবেক স্পিকার জমির উদ্দিন এ কথা বলেন।
গত বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদ বা বিরোধীদলীয় নেতা হিসাবে কারোরই সেনানিবাসে থাকা সমীচীন নয়। সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ করেন।
তিনি বলেন, জায়গাটি ছেড়ে দিলে সেখানে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য ফ্ল্যাট করা হবে। একটায় তারা থাকবেন, আরেকটি ভাড়া দিয়ে তারা জীবিকা নির্বাহ করবেন।
জমির উদ্দিন সদর উপজেলার এরুলিয়া, ফাঁপোর, শাখারিয়া, রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পৌর এলাকার ১৩টি ওয়ার্ডে গণসংযোগ করেন।
এ সময় বিভিন্নস্থানে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
তাকে নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জমির উদ্দিন বলেন, তিনি সংসদে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবেন এবং এলাকার উন্নয়নে সাধ্যমত কাজ করবেন।
গণসংযোগের সময় তার সঙ্গে ছিলেন- জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, জয়নাল আবেদীন চাঁন, সোনাতলা উপজেলা চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির, মোজাম্মেল হক মোজাম প্রমুখ।
রোববার জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের পর ঢাকায় যাবেন বলে রেজাউল করিম জানিয়েছেন।
বৃহস্পতিবার বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিজয়ী হন জমির উদ্দিন।
নবনির্বাচিত অপর সাংসদ মওদুদ আহমদও শনিবার গণসংযোগ করেছেন। গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া, কাগইল, নেপালতলী, নাড়
bdnews24