ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয়টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ তিনটিতে জিতেছে। দুটিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। জাতীয় পার্টির প্রার্থী জিতেছেন অন্যটিতে।
কুড়িগ্রাম-২ আসনটি জাপার হাতছাড়া হয়েছে। এখানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. জাফর আলী। বগুড়ার দুটিতে বিএনপির মওদুদ আহমদ ও জমির উদ্দিন সরকার নির্বাচিত হয়েছেন। রওশন এরশাদ বিজয়ী হয়েছেন রংপুর-৩ আসনে। বাকি দুটি আসন কিশোরগঞ্জ-৬ ও বংপুর-৬ এ বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নাজমুল হাসান ও আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।
ছয়টি শূন্য আসন হল- রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর), প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর-৬ (পীরগঞ্জ), সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) এবং জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ (সদর) ও কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার তিনটি ইউনিয়ন)।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলালউদ্দিন।
গত বছর ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি, বিএনপি ৩০টি এবং জাপা ২৭টি আসন পেয়েছিল।
উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেল পৌনে পাঁচটায় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোথাও গোলযোগ হয়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।"
তিনি বলেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন ৫০ শতাংশ ভোট পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মওদুদ আহমদ ও মুহম্মদ জমির উদ্দিন সরকার বিজয়ী হয়েছেন।
রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা উপনির্বাচন কমিশনার সৈয়দ মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনের ১৪৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মওদুদ (ধানের শীষ প্রতীক) পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৭৯০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. মুস্তফা আলম (নৌকা প্রতীক) পেয়েছেন ৯৭ হাজার ২৮৫ ভোট।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৭১ হাজার ৩৮২ জন।
রিটার্নিং কর্মকর্তা জানান, বগুড়া-৬ আসনের ১০৮ কেন্দ্রের ভোট গণনায় বিএনপি প্রার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৫৩১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মমতাজ উদ্দিন পেয়েছেন ৫৩ হাজার ৪৩০ ভোট।
এ আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ৪২৮।
রংপুর: রংপুর-৩ (সদর আংশিক) আসনে জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপা প্রার্থী রওশন এরশাদ লাঙল প্রতীক নিয়ে ৮৭ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রহিম উদ্দিন ভরসা পেয়েছেন ২৫ হাজার ৫২৪ ভোট।
তিনি বলেন, মোট ১৩৬টি কেন্দ্রের সবকটির ফলাফলের ভিত্তিতে রওশন এরশাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এ আসনে ভোটার তিন লাখ ৩৩ হাজার ৫৯৬ জন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি ৭৬ হাজার ৮২৪ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় বলেন, মোট ৯৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে আবুল কালাম আজাদ (নৌকা) পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৭২১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নূর মোহাম্মদ মণ্ডল পেয়েছেন ৩৫ হাজার ৮৯৭ ভোট।
এ আসনে ভোটার দুই লাখ ৩৬ হাজার ৮২২ জন।
কুড়িগ্রাম: জাতীয় সংসদের কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী এবং রাজারহাট উপজেলার ৩টি ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. জাফর আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, তিনটি উপজেলার ১৫২টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৭৪৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল (লাঙল) পেয়েছেন ৪৬ হাজর ৬১৬ ভোট। এছাড়া বিএনপির তাজুল ইসলাম চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১২ হাজার ৯১৫ ভোট।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৩২ হাজার ৩৯২ জন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি ৩৭ হাজার ৮১০ ভোটের ব্যবধানে বিএনপির শরীফুল আলমকে পরাজিত করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ১১১টি কেন্দ্রের সবকটির ফলাফলে আ. লীগের নাজমুল হাসান (নৌকা) পেয়েছেন এক লাখ ৬ হাজার ১৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফুল আলম (ধানের শীষ) পেয়েছেন ৬৮ হাজার ৩২৭ ভোট।
নির্বাচন কর্মকর্তা আরও জানান, এ আসনে মোট ভোট দুই লাখ ৫৬ হাজার ৫০০। ভোট পড়েছে শতকরা ৬৮ ভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএইচবি/২২৪৪ ঘ.
bdnews24