ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাসভবনটি ছেড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানকে 'দায়িত্বহীন' বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাকা চৌধুরী বলেন, ''ঢাকা সেনানিবাসের ওই বাসভবনটি নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য দায়িত্বহীন। তার এ ধরণের বক্তব্য রাখা সঠিক হয়নি। শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ওই বাসভবন। জিয়া সেনাবাহিনীর সৈন্যদের মনের কুঠিরে একটি স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর এরকম মন্তব্যে সেনাবাহিনীতে সরকার জনপ্রিয় হবে না।''
জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে 'পিলখানা ট্য্রাজেডি, জঙ্গিবাদ ও বাংলাদেশ' শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।
সালাউদ্দিন কাদের চৌধুরী পিলখানার ঘটনায় সরকারের তদন্ত কমিটির সময় বাড়ানোর সমালোচনা করে বলেন, ''এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। পিলখানার ঘটনায় জঙ্গি খুঁজে কোনো লাভ হবে না । এর প্রকৃত রহস্য উৎঘাটন করতে হলে বিগত দুই বছরের ষড়যন্ত্র অনুসন্ধান করতে হবে।''
তিনি বিডিআর বিদ্রোহীদের সঙ্গে ওই সময় যারা আলোচনা করেছেন, তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সে ব্যপারেও প্রশ্ন তুলেন।
ঢাকা সেনানিবাসের ৬ নং শহীদ মইনুল সড়কের বাসভবন নিয়ে আলোচনা সভায় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারের জন্য বরাদ্ধ ওই বাসভবনটি পিলখানার ঘটনায় নিহতদের পরিবারকে ভাগ-বাটোয়ারা করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন, তা দুঃখজনক। প্রধানমন্ত্রীর এরকম প্রস্তাবে সেনাবাহিনীতে কী ধরণের প্রতিক্রিয়া হতে পারে-তা কি প্রধানমন্ত্রী বিবেচনা করেছেন। কারণ শহীদ জিয়ার সঙ্গে সেনাবাহিনীর একটি আবেগ জড়িত রয়েছে।''
সালাউদ্দিন কাদের দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, এক অস্বাভাবিক পরিস্থিতিতে একটি নির্বাচনের মাধ্যমে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। ফলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে কিনা সন্দেহ রয়েছে।
সেইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে তার সরকারি বাসভবনে 'বালুর বস্তা বসিয়ে' নিরাপত্তা বেষ্টনী বসানোর সমালোচনা করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খান, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, জাগপার প্রধান শফিউল আলম প্রধান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮১৮ঘ.
bdnews24