শেরপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে বিএনপি সমর্থকরা।
একই সঙ্গে স্কুলের জানালা দরজা ও অফিস কক্ষের আসবাবপত্রও ভাংচুর করেছে তারা। এ সময় তাদের হামলায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদুল হক আহত হন।
স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। লঙ্গরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বকরের নেতৃত্বে ১২/১৪ জন সমর্থক এ ঘটনা ঘটায়।
আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছেঁড়া পতাকাসহ আলামত সংগ্রহ করেছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সদিক মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/জিএনএ/১৫৫৬ ঘ.
bdnews24