২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শূন্য ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে কোন রকম বিরতি ছাড়াই বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 10:05 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শূন্য ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে কোন রকম বিরতি ছাড়াই বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ ছয়টি আসন হল- রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৬, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর-৬, সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বগুড়া-৬ ও ৭, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেড়ে দেওয়া রংপুর-৩ ও কুড়িগ্রাম-২। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনে ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিকেল চারটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সার্বিক বিবেচনায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।" নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত ফরহাদ আহাম্মদ বলেন, "দিনভার বিভিন্ন এলাকার থেকে পাওয়া খবরে আমরা জানতে পেরেছি ভোটার উপস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল।" বিকেল পৌনে পাঁচটার দিকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "কোথাও গোলযোগ হয়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তারা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জমিরউদ্দিন সরকারের পক্ষে কাজ করার অভিযোগে একজন পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে একজন প্রিজাইডিং কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছিল। পরে অভিযোগের সত্যতা না পেয়ে পুনরায় তাকে দায়িত্ব দেওয়া হয়। সদর আসনের সিটি বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পোলিং কর্মকর্তা শওকত আলী ধানের শীষ প্রতীক সম্বলিত স্লিপ ভোটারদের দেখানোর সময় আওয়ামী লীগ প্রার্থী মমতাজউদ্দিন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে ক্লোজ করে এসএম আব্দুল হামিদ নামে অপর একজনকে ভোটগ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে জমিরউদ্দিনের পক্ষে কাজ করার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে ঠনঠনিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বদরুল আলমকে প্রত্যাহার করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ। পরে দুপুর দুইটার দিকে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. মুসা ঘটনাস্থলে যেয়ে অভিযোগের সত্যতা না পেয়ে তাকে পুনরায় দায়িত্ব পালনের নির্দেশ দেন। রিটার্নিং কর্মকর্তা মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোলিং এজেন্টদের কাছ থেকে এ ঘটনার সত্যতা না পেয়ে পুনরায় বদরুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।" জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ জানিয়েছেন, বগুড়ার দুটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বগুড়া সদরের পদিমপাড়া মাদ্রাসা, প্রি ক্যাডেট হাইস্কুল, মালতিনগর হাইস্কুল, শাজাহানপুর উপজেলার বেজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকলোকমান কমিউনিটি পুলিশ সেন্টার, গাবতলী উপজেলার শহীদ উচ্চ বিদ্যালয় ও তরফসরতাজ সিনিয়র মাদ্রাসা কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। তবে এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। গাবতলী চকবোচাই সরকারি প্রাথমিক কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ কর্মী শফিউল মাস্টারের ছেলে সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল হোসেন মোল্লা। গাবতলী থানা বিএনপি সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন জানান, নেপালতলি কালুডাঙ্গা কেন্দ্রে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান ও ডা. জগলু আহত হয়। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গাবতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম আজম খান সংঘর্ষে তার দলের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সকাল ৯টার দিকে বগুড়া সদরের শাখারিয়ার পদিমপাড়া মাদ্রাসা কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগ কর্মী শফিকুল ইসলামসহ ৫ জন আহত হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব এই ঘটনার সত্যতা স্বীকার করেন। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈারব) আসনের সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথমদিকে ভোটার উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড়ও বেড়েছে। আসনের ১১১টি ভোট কেন্দ্রেই পুলিশের সঙ্গে বিডিআর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে র‌্যাব সদস্যরা নিয়মিত টহল দিয়েছেন। নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ অঞ্চলের উপ-নির্বাচন কমিশনার মো. এমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।" রংপুর ও কুড়িগ্রামের তিনটি নির্বাচনী এলাকায়ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে বলে প্রতিনিধিরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এফএফ/জিএনএ/এমএসবি/১৬০৯ ঘ.