ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সত্য ও জবাবদিহিতা কমিশন থেকে যারা অনুকম্পা লাভ করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পর তাদের পদে মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তান অথবা যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ বিষয়ে আইনমন্ত্রী ইতোমধ্যেই তার মতামত ব্যক্ত করেছেন। আনুষ্ঠানিকভাবে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওযা হবে।"
আইন প্রতিমন্ত্রী জানান, অনুকম্পা লাভকারীরা দোষী। এজন্যই তারা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছে। তাদেরকে চাকরিতে রাখলে কি অবস্থা হবে?
তিনি বলেন, "আমরা সব কিছুতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে চাই। তারা একবার যেহেতু দুর্নীতি করেছে চাকরিতে রাখলে আবারও করবে। সরকারি চাকরিজীবীদের শৃঙ্খলা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, "সারাদেশে সাব রেজিস্টার অফিসে যেসব পদ শূন্য রয়েছে সহসাই সেগুলোতে নিয়োগ দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৫০৭ ঘ.
bdnews24