ঢাকা ,মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শুক্রবার ইসলামি সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০জন আহত হয়েছে। এ ঘটনায় সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাযের পর বেলা ২টার দিকে হিযবুত তাহরীরের নেতা-কর্মীরা মসজিদের উত্তর গেটে সমবেত হয়। তারা হিযবুত তাহরীর নেতাকর্মীদের বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তাকৃতদের মুক্তি, পিলখানার ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিভিন্ন দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষোভকারীরা একপর্যায়ে রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এ অবস্থায় তাদের রাস্তা থেকে পুলিশ সরে যেতে বললে আরো বিক্ষুদ্ধ হয়ে উঠে তারা। একপর্যায়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৭/৮জন পুলিশ আহত হয়।
তিনি জানান, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে তারা আরো বেপরোয়া হয়ে উঠে। এ অবস্থায় প্রায় আধাঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পথচারীরা ছোটাছুটি শুরু করে এবং আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় পুলিশসহ প্রায় ৩০জন আহত হয়েছে।
পরে পুলিশ ১০জনকে গ্রেপ্তার করে।
ফরিদ আহমেদ জানান, কোন টিয়ার গ্যাস বা রাবার বুলেট ছোঁড়া হয়নি।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শেখ ফরিদ বাবু (২৬),সাজ্জাদ হোসেন (২৯), ইফরান মাহমুদ (২৫), মনিরুল হক (২৪), আহমেদ নিযাম (২০), মনিরুজ্জামান (২৩), সোহেল আহমেদ (২২), দেলোয়ার হোসেন (২৭), ইমরান আরিফ (২৫) এবং মিনহাজ জিবরান (২৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স
bdnews24