ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই মুহূর্তে নতুন কোনো রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন না আবদুল মান্নান ভূঁইয়া।
তার সিঙ্গাপুর যাওয়ার সূত্র ধরে বিভিন্ন পত্রপত্রিকার এ সংক্রান্ত খবর সম্পর্কে জানতে চাইলে চিকিৎসা শেষে শনিবার দুপুরে ফিরে আসা সাবেক বিএনপি মহাসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' নতুন কোনো কিছু করার বিষয়ে এখনো আমি কোনো সিদ্ধান্ত নেইনি।''
নতুন দল গঠনের গুঞ্জন নাকচ করে দিয়ে মান্নান ভূঁইয়া বলেন, '' এই মুহূর্তে সিদ্ধান্ত নেইনি। ভবিষ্যতে কিছু করলে আপনারা জানতে পারবেন।''
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া দলের কারাগারে যাওয়ার প্রাক্কালে দলের মহাসচিব মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। গত সংসদ নির্বাচনে নরসিংদীর শিবপুর আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মহাজোটের কাছে পরাজিত হয়েছিলেন।
শনিবার বেলা সাড়ে ১২ টায় তিনি থাই এয়ারলাইন্সের বিমানে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সরাসরি যান গুলশানের বাসায়।
শারীরিক অবস্থা সর্ম্পকে তিনি বলেন, "সিঙ্গাপুরে আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হৃদরোগ ও প্রোস্টেড বিষয়ক সমস্যার বিষয়ে দুইজন বিশেষজ্ঞ ডা. মরিচ চু'র ও ডা. লিম-কে দেখিয়েছি। তারা আমার কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়েছেন।"
গত শনিবার চিকিৎসার জন্য মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান।
২০০৬ সালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার এনজিও প্লাস্টি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৬৩৩ ঘ.
bdnews24