ঝিনাইদহ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগ এনে ঝিনাইদহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন এক মুক্তিযোদ্ধা।
সদর উপজেলার কোলা গ্রামের মুক্তিযোদ্ধা আশির উদ্দিন গত ২৫ মার্চ বিকেলে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেছেন।
মামলার আসামিরা হচ্ছে- ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের মসলেম উদ্দিন, কোলা গ্রামের মো. আব্দুর রশিদ, হলিধানী গ্রামের আলাউদ্দিন, মো. শাহজাহান, মো. হাকিম আলী খন্দকার ও আব্দুল হক।
রোববার সকালে জানা গেছে, মামলার আর্জিতে বলা হয়েছে, "বাদি আশির উদ্দিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন। এ অপরাধে মোজাহিদ কমান্ডার রাজাকার মসলেম উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫০ জন রাজাকার তার বাড়ি ঘেরাও করে।
"তাকে ধরতে না পেরে তার ভাই আজিবর রহমান, হাবিবুর রহমান ও আনসার উদ্দিনকে ধরে ঝিনাইদহ শহরে নিয়ে যায়। তার বৃদ্ধ বাবা-মাকে মারপিট করে এবং বাড়িতে লুটপাট চালায়। তারপর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।"
আর্জিতে আরো বলা হয়েছে, "আশপাশের প্রায় ২৫টি বাড়িও আসামিরা লুটপাট শেষে পুড়িয়ে দেয়। এরপর আসামিরা তার তিন ভাইকে ঝিনাইদহ শহরের পার্শ্ববর্তী ঘোড়ামারা সেতুর কাছে এনে গুলি করে ও বেয়োনেট দিয়ে খুচিয়ে নির্মমভাবে হত্যা করে। তাদের লাশ গুম করা হয়।"
গ্রামের শত শত লোক তাদের এই বর্বরতা প্রত্যক্ষ করে বলেও আর্জিতে বলা হয়েছে।
বিচারক মো. মাসুদুর রহমান মামলাটি অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানাকে আদেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৩৩৫ ঘ.
bdnews24