২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

বগুড়ার গাবতলী উপজেলার দাড়িয়াল বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগ কর্মীরা হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 05:32 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

বগুড়া, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার গাবতলী উপজেলার দাড়িয়াল বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগ কর্মীরা হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক ও স্থানীয় নেতা সানোয়ার হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীরা বিএনপি কর্মীদের দু'টি মটরসাইকেলও ভাঙচুর করেছে। সানোয়ার হোসেনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত সবার নাম জানা যায়নি। গাবতলী থানার উপ-পরিদর্শক মোস্তাফিজার রহমান হামলার ঘটনা স্বীকার করে বলেন, "বিএনপির মিছিল থেকে এক শিশুকে মারধর করার কারণে এ ভাঙচুরের ঘটনা ঘটে।" গাবতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারে করা যায়নি। আহত আব্দুল খালেকের অভিযোগ, দাড়িয়াল বাজারে ধানের শীষের নির্বাচনী কার্যালয় থেকে সোমবার রাতে তারা একটি মিছিল বের করেন। মিছিল শেষ হওয়ার পরপরই স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা বিএনপির নির্বাচনী কার্যালয়ও ভাঙচুর করে। এ ব্যাপারে গাবতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম আযম খান বলেন, বিএনপির নির্বাচনী মিছিল থেকেই প্রথমে আওয়ামী লীগের নেতা-কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। ওই হামলার প্রতিবাদ জানাতে তারা বিএনপি নেতা-কর্মীদের প্রতিরোধ করতে গেলে মারপিটের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.