২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রীর জামিন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক সিদ্দিক ও তার স্ত্রী সালেহা সিদ্দিককে একটি মামলায় দুই মাসের অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 08:54 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক সিদ্দিক ও তার স্ত্রী সালেহা সিদ্দিককে একটি মামলায় দুই মাসের অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জোর করে বিমানবন্দরে ঢোকার অভিযোগে দায়ের করা এ মামলায় তাদের কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি আদেশ জারিও করা হয়েছে। রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সকালে হাইকোর্টে হাজির হয়ে তারা আগাম জামিনের আবেদন জানান। তাদের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও আজমালুল হোসেন কিউসি। গত ১৯ মার্চ রাজ্জাক ও তার স্ত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত পুলিশ পরিদর্শক দেওয়ান আবুল হোসেন মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রী ১৮ মার্চ রাত ১২টা ৩৫ মিনিটে সরকারি কাজে বাধা, বল প্রয়োগ ও ভয় দেখিয়ে কর্তৃপক্ষের অনুমতি ও বহির্গমন সিল ছাড়া বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় বোর্ডিং ব্রিজে প্রবেশ করে অপরাধ করেছেন। গত ১৮ মার্চ রাতে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রীকে আটকে দেওয়া হয়। বিদেশ যেতে বাধা দেওয়ায় ব্যারিস্টার আবদুর রাজ্জাক গত ১৯ মার্চ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। সোমবার এই মামলায় হাইকোর্ট আদেশ দেবেন। এর আগে গত ৮ মার্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। এর আগে গত ৭ মার্চ বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ব্যারিস্টার রাজ্জাককে বাধা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১৪৫১ ঘ.