ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন বাজেটে আবাসিক সংকট নিরসনে সরকারের কাছে বিশেষ বরাদ্দ দাবি করেছেন নিম্নবর্ণের হিন্দু 'দলিত'রা।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার সকালে এক সেমিনারে এ দাবি জানান দলিত নেতারা। সেমিনারে মূল প্রবদ্ধ পাঠ করেন মাজহারুল ইসলাম।
বাংলাদেশ দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্টির অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস (বিডিএইচআর) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
মূল প্রবন্ধে মাজহারুল ইসলাম জানান, ঢাকা শহরে দলিতদের আনুমানিক ২৭টি বাসস্থান আছে। সেখানে ১৫ হাজার পরিবার বসাবাস করে মানবেতরভাবে। সেমিনারে দলিতদের উন্নয়নে ৭ দফা সুপারিশ পেশ করা হয়।
এগুলোর মধ্যে রয়েছে দলিতদের আবাসিক সংকট নিরসনে ঢাকা সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরে সেল গঠন, ঢাকা শহরের আশ-পাশের খাস জমি বরাদ্দ, গৃহনির্মাণে সহজ কিস্তিতে ঋণ প্রদান, উচ্ছেদ বন্ধ।
সেমিনারে বক্তারা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও দাবি জানান।
সেমিনারে অধ্যাপক এইচ কে আরেফীন, অধ্যাপক নুরুল ইসলাম নাযেম, নাগরিক উদ্যোগ সংগঠনের প্রধান নির্বাহী জাকির হোসেন ও বিডিইআরএম'র সভাপতি বাবুলাল সরদার, দলিত নারী ফোরামের সমন্বয়কারী মনি রানী দাস প্রমূখ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৬৪৮ ঘ.
bdnews24