ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে ১১ সদস্যের সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার স্পিকার আব্দুল হামিদ এ কমিটির নাম ঘোষণা করেন। গাইবান্ধা ৫ এর আওয়ামী লীগ সাংসদ ফজলে রাব্বী মিয়াকে সভাপতি করে গঠন করা এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। (আরো তথ্যসহ)
কমিটির অন্য সদস্যরা হলেন, সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের সাংসদ শাজাহান খান, হাবিবুর রহমান, এস এম বাকের, আব্দুল মান্নান, এ বি এম আনোয়ারুল হক ও মাজহারুল হক প্রধান, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, জাতীয় সমাজতান্ত্রিক দলের মাইনুদ্দিন খান বাদল এবং বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক।
স্পিকার আব্দুল হামিদ এসময় জানান তিনিও নিজেও এ কমিটির তৎপরতার আওতায় থাকবেন।
আসন্ন উপনির্বাচনের আগে এ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে 'উদ্দেশ্যমূলক' হিসেবে অভিহিত করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
অষ্টম জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার বগুড়া ৬ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী।
অষ্টম সংসদের সময়কালে বৈদ্যুতিক বাতি কেনা, লিফট ব্যবস্থাপনা, বাগানের ঘাস কাটা ও আসবাবপত্রসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কমিটির নাম ঘোষণার আগে স্পিকার বলেন, "যেহেতু আমি সপ্তম জাতীয় সংসদে ২০০১ সালের ১২ জুলাই থেকে ঐ বছরের ২৮ অক্টোবর স্পিকারের দায়িত্ব পালন করেছি। এজন্য, আমি স্বেচ্ছায় এই কমিটির কর্মপরিধিতে আমাকে অন্তর্ভূক্ত করছি।"
স্পিকার আব্দুল হামিদ এর আগে বলেন, "সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। এই নিয়ে গত কয়েকদিন বিশদ আলোচনা হয়েছে। অভিযোগ এসেছে - বিধিবিধান উপেক্ষা করে জমিরউদ্দিন সরকার সংসদ সচিবালয়ে কর্মচারী নিয়োগ করেছেন। এসব ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও তদন্ত হবে।
গত কয়েক দিন স্পিকার জমিউদ্দিন সরকারের বিরুদ্ধে যখন তদন্তের দাবি করা হচ্ছিল তখন বিরোধীদল বিশেষ করে বিএনপি'র পক্ষ থেকে সব স্পিকারের সময়কালকে তদন্তের আওতায় আনার দাবি ওঠে।
এ প্রসঙ্গে আব্দুল হামিদ বলেন, "অনেক স্পিকার মারা গেছেন। আর, সবার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের দাবিও জানান হয়নি।"
স্পিকার আব্দুল হামিদ জানান, তিনি ১৯৭২ সাল থেকে সংসদ সচিবালয়ের আর্থিক বিষয় অডিট করার জন্য অনুরোধ করেছেন। এই সময়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অচিরেই অডিট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংসদ সচিবালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয় তা হলে তার বিরুদ্ধেও তদন্ত হবে বলে স্পিকার জানান। তিনি বলেন, "সংসদ সচিবালয়কে দুর্নীতির ওপর রাখতে হবে।"
এর আগে গত কয়েক দিনে সংসদে জমিরউদ্দিন সরকার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন অভিযোগ করে সরকারি দলের সংসদ সদস্যরা সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
আব্দুল হামিদ তার বক্তব্যে জানান, তিনি স্পিকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, "জমিরউদ্দিন সরকার আমার পূর্বসূরিও ছিলেন আবার উনি আমার উত্তরসূরিও। সংসদকে কলুষমুক্ত করতে হবে। না হলে জনগণ হতাশার মধ্যে পড়বে। এটা নিয়ে রাজনীতি না করে এর স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এসকে/২২২৮ঘ.
bdnews24