ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরু ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির অনিয়ম ও দুর্নীতি নিয়ে মোট ১০২টি অভিযোগ পেয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সুনির্দিষ্ট ৫৩টি অভিযোগের তদন্ত করা হচ্ছে। শেষ হয়েছে আটটির তদন্তকাজ।
সচিবালয়ে বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি সম্পর্কিত এক কর্মশালার পর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের একথা বলেন।
যশোর, রাজশাহী, রংপুর ও পঞ্চগড়ে চারটি ঘটনায় তদন্তে অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চার ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় তদন্ত চলছে।
আব্দুর রাজ্জাক জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় ১০০ দিনের যে কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তার প্রথম অংশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এর প্রথম অংশ গত অক্টোবর ও নভেম্বর মাসে বাস্তবায়ন করা হয়। এতে ৬০ দিনের মধ্যে ৫১ দিন কাজ হয়েছে।
প্রথম অংশের ৬০ দিনের কার্যক্রম পরিচালনার জন্য এক হাজার ২০০ কোটি টাকা ছাড় করা হয়েছিল বলে জানিয়ে মন্ত্রী বলেন, এতে মোট প্রকল্পের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৫৯টি। এর মধ্যে মাত্র ৫১ হাজার ১৯৬টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৭০ দশমিক ৯৩ শতাংশ। এতে সরকারের মোট ব্যয় হয়েছে ৯১৫ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা।
আব্দুর রাজ্জাক জানান, কর্মসৃজন কর্মসূচির বাকি কাজও চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মশালায় উপস্থিতরা। তবে সরকার বাকি কাজ পুরো বাস্তবায়ন না করে সীমিত আকারে বাস্তবায়ন করবে। বিশেষ করে, মন্দা-কবলিত এলাকায় এ কাজ করা হবে বলে তিনি জানান।
অনিয়ম ও দুর্নীতির কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, প্রকল্পটির প্রক্রিয়াতেই সমস্যা ছিল। টাকা ব্যয়ের জন্য দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু যথাযথ তদারকি হয়নি। এবার মন্ত্রণালয় সরাসরি তদারক করবে। কর্মকর্তাদের কয়েকটি দল মাঠ পর্যায়ে গিয়ে কাজের দেখভাল করবেন। এজন্য কাজের অংশও নির্ধারণ করা হবে।
এর আগে মন্ত্রী কর্মশালায় বক্তব্য দেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
দেশের বিভিন্ন এলাকা থেকে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৮২৫ ঘ.
bdnews24