২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ নতুন সরকারের জন্য 'ফার্স্ট টেস্ট' : ফস্টার

সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মাইক ফস্টার বলেছেন, বিডিআর বিদ্রোহ বাংলাদেশের নবনির্বাচিত সরকারের জন্য 'ফার্স্ট টেস্ট'। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মাইক ফস্টার বলেছেন, বিডিআর বিদ্রোহ বাংলাদেশের নবনির্বাচিত সরকারের জন্য 'ফার্স্ট টেস্ট'। তিন দিনের সফর শেষে ফস্টার বৃহস্পতিবার গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন। তবে এ বিদ্রোহের ঘটনায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় শেখ হাসিনার সরকার সফলকাম হবে বলে তিনি আশাবাদী। ব্রিটিশ মন্ত্রী বলেন, "বিডিআর বিদ্রোহ নতুন সরকারের জন্য প্রথম পরীক্ষা। কিন্তু একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনে বিপুল ভোট পেয়ে জনগণের জোড়ালো ম্যাণ্ডেট নিয়ে এ সরকার নির্বাচিত হয়েছে। "সরকার যে চ্যালেঞ্জের মুখোমুখি নিঃসন্দেহে তা একটি বড় ধরনের চ্যালেঞ্জ।" ফস্টার বলেন, " আমি আন্তরিকভাবে আশা করি এই নতুন সরকার বর্তমান সংকট কাটিয়ে উঠার পাশাপাশি তার নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে সক্ষম হবে।" দক্ষিণ এশিয়া ডেস্কের দায়িত্বে নিয়োজিত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মাইক ফস্টার তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকা আসেন। তিনি বলেন, এই সরকারকে রাজনৈতিক অঙ্গনের চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র ভালোভাবেই পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিডিআরের ঘটনা তদন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের প্রেক্ষিতে তার দেশ এই সরকারকে সহায়তা দিতে পেরে খুশি বলে ফস্টার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৪৮ঘ.