২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি বৈষম্যমূলক আইন বাতিল হবে: প্রধানমন্ত্রী

নারীর প্রতি বিদ্যমান বৈষম্যমূলক আইন বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে 'আন্তর্জাতিক নারী দিবস ২০০৯' উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 09:29 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর প্রতি বিদ্যমান বৈষম্যমূলক আইন বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে 'আন্তর্জাতিক নারী দিবস ২০০৯' উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। শেখ হাসিনা বলেন, "নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তার অবদান নিশ্চিত করার জন্য প্রয়োজন নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ১০০ করা হবে এবং তারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।" আগামী নির্বাচনে তার দল থেকে আরো বেশি সংখ্যক নারীকে মনোনয়ন দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, "ভবিষ্যতে মহিলা স্পিকার করার ইচ্ছা আমার রয়েছে।" প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় নারী সদস্যের বিষয়টি তুলে ধরে বলেন, "আমরা তৃণমূল পর্যায় থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছি।" মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, "অনেক নারী সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন দু লাখ মা-বোন।" নারী উন্নয়নে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "এসব পদক্ষেপ সত্ত্বেও নারী উন্নয়নে কাক্সিক্ষত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী ও শিশু পাচার এবং এসিড নিক্ষেপসহ নারীর বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা এখনো অহরহ ঘটছে। নারীদের বিরুদ্ধে অমানবিক আচরণ ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।" অভিভাবক ও মা-বাবাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "ছেলে ও মেয়েকে আলাদা করে দেখবেন না। মেয়েরা কোনো অংশেই ছেলেদের চাইতে কম যোগ্য নয়। তাকিয়ে দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সংসদে উপনেতা সবাই নারী। আপনার মেয়েকে উপযুক্ত শিক্ষা দিন। দেখবেন সেও ছেলে সন্তানের মতো আপনার এবং দেশের সম্পদে পরিণত হবে। সমাজের অর্ধেকই নারী। তাই সমাজের অর্ধেক পঙ্গু রেখে সমাজ এগোতে পারে না।" তিনি বলেন, "শুধু আইন করে বা প্রতি বছর নারী দিবস পালন করে অধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব নয়। বরং এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে হবে। যেখানেই সহিংসতা হবে, সেখানেই কঠোরভাবে আইনের প্রয়োগ করতে হবে।" একজন পুরুষ কর্মকর্তার ক্ষেত্রে তার স্ত্রী যেসব সুযোগ সুবিধা পান তেমনি নারী কর্মকর্তার ক্ষেত্রে তাদের স্বামীরাও একই সুবিধা পাবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে- প্রধানমন্ত্রী একথা জানানোর পর মিলনায়তনে উপস্থিত সবাই করতালি দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, "আমি তো ভেবেছিলাম পুরুষরাই বেশি তালি দেবে।" প্রধানমন্ত্রীর এই কথার পর উপস্থিত পুরুষরা আবার তালি দেয়। নারী ও পুরুষ কর্মকর্তাদের মৃত্যুর পর তাদের পরিবার একই রকম সুবিধা পাবেন বলেও শেখ হাসিনা জানান। বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করে প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন, "এরকম জঘন্য ঘটনা বাংলাদেশে আর না ঘটুক সেটাই আমরা চাই।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রওশন আরা বেগম। এছাড়া মন্ত্রিসভার সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃৃতিক অনুষ্ঠান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসইউএম/এফএফ/এজে/জিএনএ/১৫২৭ ঘ.