ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিডিআর সদরদপ্তরের ঘটনায় নিহত এক সেনা কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় ছাত্রের পরিবারের সদস্যদের সান্তনা দিতে শনিবার তাদের বাসায় যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এরা হলেন বিডিআর এর কর্মকর্তা লে. কর্নেল এনশাদ ইবনে আমিন এবং পিপলস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র খন্দোকার তারেক আজিজ সজীব।
এসময় খালেদার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সেলিমা রহমান ও চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।
বিকেল পাঁচটায় খালেদা জিয়া প্রথমে ধানমণ্ডির নয় নাম্বার সড়কে কর্নেল ইবনে আমিনের এক আত্মীয়ের বাসায় যান। সেখানে তিনি নিহতের স্ত্রী মেরীয়েনা এনশাদ ও তার দুই মেয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্তনা দেন।
এরপর তিনি মিরপুরের টোলারবাগে নিহত খন্দোকার তারেক আজিজের বাসায় যান। সেখানে তার বাবা কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপ-সচিব আনম সামসুদ্দোহা এবং মা ওয়াহিদার সঙ্গে খালেদা জিয়া কিছুক্ষণ কথা বলেন।
বাবা-মার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সজীব ছিল বড়। খালেদা ওই পরিবারের সদস্যদের সান্তনা দেন।
এর আগে গত বুধবার খালেদা পাঁচ নিহত সেনা কর্মকর্তার পরিবারের স্বজনের সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এএল/জিএনএ/১৯২৭ ঘ.
bdnews24