২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিশ্বে মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধ দেখতে চায় বাংলাদেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মধ্যপ্রাচ্যের অধিকৃত গাজা উপত্যকাসহ পুরো মুসলিম বিশ্বে যুদ্ধাপরাধ, গণহত্যাসহ সব ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে বাংলাদেশ দৃঢ় মনোভাব পোষণ করে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মধ্যপ্রাচ্যের অধিকৃত গাজা উপত্যকাসহ পুরো মুসলিম বিশ্বে যুদ্ধাপরাধ, গণহত্যাসহ সব ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে বাংলাদেশ দৃঢ় মনোভাব পোষণ করে থাকে। মুসলিম বিশ্বকে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার সচিবালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ফারাজানদেহ্র সাক্ষাতের পর আইনমন্ত্রী একথা বলেন। শফিক আহমেদ বলেন, "মধ্যপ্রাচ্যের অধিকৃত গাজা উপত্যকাসহ সমগ্র মুসলিম বিশ্বে যুদ্ধাপরাধ ও গণহত্যাসহ সব ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে বাংলাদেশ দৃঢ় মনোভাব পোষণ করে।" তিনি আরও বলেন, "আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার, নারী, শিশু, বয়স্ক জনগোষ্ঠী এবং বেসামরিক স্থাপনার ওপর হামলাকে বাংলাদেশ কখনোই সমর্থন করে না।" আইনমন্ত্রী বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "দুটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে সামঞ্জস্য রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে উভয় দেশ একই মনোভাব পোষণ করে।" দুই দেশের পারস্পরিক সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইরানের বিচার বিভাগের উদ্যোগে আগামী মার্চে তেহরানে অনুষ্ঠিতব্য 'মুসলিম দেশগুলোর প্রসিকিউটর ও আইনজীবীদের সম্মেলন'-এ অংশ নেওয়ার জন্য আইনমন্ত্রীকে আমন্ত্রণ জানান। মুসলিম বিশ্বের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, মুসলিম বিশ্বে মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে উভয় দেশের একত্রে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে তোলার ব্যাপারে ইরান সরকার অত্যন্ত আন্তরিক বলেও তিনি জানান। বিডিনিউজ ২৪ ডটকম /পিসি/টিআর/এসকে/২১০৬ঘ.