২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দীর্ঘদিন পর এক মঞ্চে নোমান-নাছির

দীর্ঘদিন পর চট্টগ্রাম মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতা আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাসির উদ্দীন এক মঞ্চে উপস্থিত থেকে বক্তৃতা করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দীর্ঘদিন পর চট্টগ্রাম মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতা আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাসির উদ্দীন এক মঞ্চে উপস্থিত থেকে বক্তৃতা করলেন। মঙ্গলবার বিকেলে নগরীর মুসলিম হল মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আফছার আহম্মদ চৌধুরীর শোক সভায় মহানগর বিএনপি'র এই দুই নেতা উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান এবং কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাসির উদ্দীন মঞ্চে পাশাপাশি বসে হাসিমুখে কুশল বিনিময় করেন। তারা বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাও বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির বিবদমান অংশের এ দুই নেতা সর্বশেষ কবে একসঙ্গে এক মঞ্চে বক্তৃতা করেছেন তা অনেক নেতাকর্মীই বলতে পারেননি। শোক সভার সভাপতি ও উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকার এ প্রসঙ্গে বলেন, 'দীর্ঘদিন পর এ দুই নেতাকে মঞ্চে পেয়ে আমরা আনন্দিত।' সভায় উপস্থিত থাকাকে কেন্দ্র করে নোমান ও নাছির অংশের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনের আগে গত ১৮ অক্টোবর ও ২৪ ডিসেম্বর নগরীতে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী নোমান মহাজোট সরকারের সমালোচনা করে বলেন, "ওয়ান ইলেভেনের সুবিধাভোগীরা ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নব্য বাকশাল কায়েম করার চেষ্টা করছে।" সোমবার ঢাকায় সালাহ উদ্দিন কাদের চৌধুরীর কর্মী সমর্থকদের হাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির একটি অংশের লাঞ্ছিত হবার ঘটনাকে 'ন্যক্কারজনক' বলে আখ্যায়িত করেন নোমান। ঢাকার ঘটনা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি প্রতিহিংসায় রূপ নেওয়া অন্যায়। নোমান বলেন, "মুক্তিযোদ্ধা মরহুম আফছার আহম্মদ চৌধুরীর মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদ আজ খুবই প্রয়োজন। তার মতো জনদরদী ব্যক্তি শুধু দল নয়, দেশের জন্য স্মরণীয়।" বিশেষ অতিথি মীর নাছির অভিযোগ করেন, "বর্তমান সরকার প্রণব মূখার্জির প্রেসক্রিপসনে চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সরকার দেশের সহজ-সরল মানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে।" সেনা-সমর্থিত গত তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকারের মধ্যে কোন পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। উত্তর জেলা বিএনপি'র সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে এ শোক সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা সভাপতি আহমদ খলিল খান, সাংসদ মোস্তফা কামাল পাশা, মরহুম আফছারের বড় ভাই চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ফরিদ আহম্মদ চৌধুরী, বিএনপি নেতা এম নাজিম উদ্দিন, নুরী আরা ছাফা, প্রফেসর ডা. নূর উন নবী, আসলাম চৌধুরী প্রমুখ। এ শোক সভায় যুগ্ম সম্পাদক গয়েশ্বর রায়, সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক হুইপ ওয়াহিদুল আলমের উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি আফছার আহম্মদ চৌধুরী গত বছর ২১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সভাপতির বক্তব্যে সোমবার ঢাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম আকবর উত্তর জেলা বিএনপির সভাপতির পদে দায়িত্ব চালিয়ে যেতে অনীহা প্রকাশ করেন। তিনি বলেন, "ঢাকার ঘটনার পর আফছার আহম্মদ চৌধুরীর মতো রাজনীতিবিদের শোকসভায় উপস্থিত না থেকে যারা বিভ্রান্তির রাজনীতি করছে তাদের নিয়ে রাজনীতি করা যায় না।" নোমানকে 'রাজনৈতিক গুরু' উল্লেখ করে তিনি বলেন, "ঢাকায় টাকা ছিটিয়ে যে ঘটনার জন্ম দেওয়া হয়েছে তাতে হতবাক হয়ে গেছি। শিষ্টাচার ও নীতিবর্জিত রাজনীতি করতে আমি আর ইচ্ছুক নই। তাই উত্তর জেলা সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে এটিই আমার শেষ অনুষ্ঠান।" সভা শেষে সাবেক এ রাষ্ট্রদূত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উত্তর জেলার কতিপয় নেতার অরাজনৈতিক কর্মকাণ্ডে এবং কেন্দ্রীয় নেতারা প্রভাবিত করায় অনেকে দলে কোন্দল সৃষ্টি করছে। এসবের প্রতিবাদে সভাপতির পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় গিয়ে সিদ্ধান্তটি ম্যাডামকে অবহিত করব।' তবে তিনি দল ছাড়বেন না বলে জানান গোলাম আকবর খোন্দকারের । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২২৩ঘ.