ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র তিনজন সাংসদ রোববার ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এতে সংসদে ৪৫টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের আসন ১টি বেড়ে ৩৬টিতে দাঁড়াচ্ছে।
বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বতন্ত্র তিন সাংসদ নড়াইল-১ আসনের কবিরুল ইসলাম, টাঙ্গাইল-৬ আসনের খন্দকার আব্দুল বাতেন এবং নওগাঁ-৪ আসনের মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ ফেব্র"য়ারি ওই তিন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেন।
নির্বাচনে তারা তিনজনই আওয়ামী লীগের 'বিদ্রোহী প্রার্থী' ছিলেন এবং মুজিব কোট পরেই শপথ নেন।
নবম সংসদ নির্বাচনে চার জন স্বতন্ত্র প্রার্থী সাংসদ নির্বাচিত হন। তাদের মধ্যে তিন সাংসদ আওয়ামী লীগে যোগ দেওয়ায় নোয়াখালী-৬ আসনের ফজলুল আজীমই এখন সংসদে একমাত্র স্বতন্ত্র সাংসদ।
তিন স্বতন্ত্র সাংসদ আওয়ামী লীগে যোগ দেওয়ায় তাদের সংসদের সংরক্ষিত নারী আসনও বেড়ে গেছে।
ফরহাদ আহম্মদ খান বলেন, "আওয়ামী লীগ নবম সংসদে যে কয়টি আসন পেয়েছিল, সংরক্ষিত নারী আসন আইন ২০০৪ এর আনুপাতিক হিসাব অনুযায়ী দলটির ৩৫টি আসন পাওয়ার কথা। তবে তিন স্বতন্ত্র সাংসদ আওয়ামী লীগে যোগ দেওয়ায় এখন এ সংখ্যা দাঁড়াবে ৩৬টিতে।"
বিএনপি ও জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসন অপরিবর্তিত থাকছে বলে জানান তিনি।
আনুপাতিক হিসাব অনুযায়ী জাতীয় পার্টি চারটি ও বিএনপি ৫টি সংরক্ষিত নারী আসন পাবে।
এদিকে, সকালে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল সোমবার ঘোষণা করা হবে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মোট ২৩০টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে জাসদ ৩ ও ওয়ার্কার্স পার্টি ২টি আসনে জয়ী হয়। এছাড়া মহাজোটের শরিক দল জাতীয় পার্টি ২৭টি আসনে নির্বাচিত হয়।
অন্যদিকে চারদলীয় জোটের বিএনপি ৩০, জামায়াত ২ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি আসন পেয়েছে। অন্যদলের মধ্যে এলডিপি একটি ও স্বতন্ত্ররা ৪টি আসনে নির্বাচিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/এএল/এসকে/২০১২ঘ.
bdnews24