চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ২০ ছাত্রলীগ নেতা-কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিকালে উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফের সভাপতিত্বে ডিসিপ্লিনারি কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের অশোভন আচরণের অভিযোগ এনে এদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা লিখিতভাবে এর নিন্দা জানিয়ে তাদের শাস্তি দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িতদের বহিষ্কারের প্রাথমিক সিদ্ধান্ত নেয়।
ডিসিপ্লিনারি কমিটির সদস্য ও সহকারি প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের দায়ে প্রাথমিকভাবে কমপক্ষে ২০ ছাত্রলীগ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনর অনুষ্ঠানের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন,মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা ভেঙ্গে মিছিল-সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির শিক্ষকরা এতে বাধা দিলে ছাত্রলীগের কিছু উচ্ছৃংখল নেতা-কর্মী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24