ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- ভারত থেকে বিদ্যুত আনা সংক্রান্ত একটি প্রস্তাব বুধবার অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বিদ্যুত বিনিময় সমঝোতা স্মারক চূড়ান্ত হলে আলোচনার মাধ্যমে দাম ঠিক করে ভারত থেকে বিদ্যুত আমদানি করা হবে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 'মেমোরেন্ডাম অব আন্ডারস্টান্ডিং বিটুইন গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড গভর্নমেন্ট অব ইন্ডিয়া অন কো-অপারেশন ইন পাওয়ার সেক্টর' শিরোনামের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "বিদ্যুত বিনিময় সমঝোতা স্মারকের প্রস্তাবটি অনুমোদন হয়েছে। এতে সম্মত মূল্যে ভারত থেকে বিদ্যুত কেনা যাবে।"
দেশের বিদ্যুত সঙ্কট কাটাতে সরকার প্রতিবেশী দেশ থেকে বিদ্যুত আমদানির উদ্যোগ নিয়েছে। বর্তমানে সাড়ে ৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে দেশে বিদ্যুতের গড় উৎপাদন প্রায় ৪ হাজার মেগাওয়াট।
বিদ্যুত সরাবরাহ পর্যাপ্ত না হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে ব্যবসায়ী-শিল্পদ্যোক্তারা বলে আসছেন। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি সরকারের কর্মসূচিতেও অগ্রাধিকার পাচ্ছে।
মন্ত্রিসভা বিদ্যুত খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধির নীতিমালা- ২০০৮ সংশোধনের প্রস্তাবও অনুমোদন দেয় বলে প্রেস সচিব জানান।
আবুল কালাম আজাদ বলেন, "বিদ্যুতের চাহিদা পূরণে বেসরকারি খাতে বিদ্যুত উৎপাদনের ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। তিনি এ খাতকে আরও উন্মুক্ত করার ওপর জোর দিয়েছেন।"
বৈঠকে স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টকে (এসইডিপি) অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী এসএসই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এজে/এমআই/১৫২৫ ঘ.
bdnews24