মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ বিষয়ক প্রতিবেদক
কোপেনহেগেন, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এরশাদ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বজলুল হুদাকে সাংসদ করেন। ফারুককেও করতে চেয়েছিলেন, কিন্তু জনগণের প্রতিরোধের কারণে তা হতে পারেনি।
প্রধানমন্ত্রী বুধবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে বর্তমান মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদের সমালোচনা করে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জাতির জনকের হত্যাকাণ্ডের বিচারের রায় হওয়ায় জাতি অভিশাপমুক্ত হয়েছে। আমরা যুদ্ধাপরাধীদের বিচার, ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার করবো।
তিনি জানান, প্রবাসী বাংলাদেশীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ভোটাধিকার ও বিদেশে যাওয়ার সময় হয়রানি বন্ধের পদক্ষেপ নেবে। দেশে ফিরে তারা যাতে বিনিয়োগ করতে পারে সে ব্যবস্থাও করা হবে।
কোপেনহেগেনে বুধবার বিকাল থেকেই শুরু হয় তুষারপাত। তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে কনকনে হিমেল বাতাস। এ বৈরী প্রকৃতিকে উপেক্ষা করে ডেনমার্ক ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামী লীগের প্রায় ৫শ' নেতা-কর্মী কোপেনহেগেনের কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠানে যোগ দেন। ডেনমার্ক আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বলেন, ৪০ বছর পর আমি কোপেনহেগেন এলাম। ১৯৬৯ সালের জুন মাসে সুইডেন হয়ে সর্বশেষ কোপেনহেগেন এসেছিলাম।
বর্তমান সরকারের আমলে দেশের অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, "বঙ্গবন্ধু বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো আত্মমর্যাদা থাকেনা। বর্তমানে আমাদের খাদ্য মজুদের পরিমাণ সাড়ে ১০ লাখ টন। আমন ধানেরও বাম্পার ফলন হয়েছে। বিশ্বমন্দার মাঝেও আমাদের খাদ্য ঘাটতি দেখা দেয়নি।"
দেশের খনিজ সম্পদ আহরণের ব্যাপারে সরকারের অবস্থান ব্যখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "গরিবের ঘরে সম্পদ রাখা কঠিন। তাই আমরা সাবধানে ধীরে ধীরে এগুচ্ছি।"
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "এক সময় আমাদেরকে বলা হয়েছিল দেশ গ্যাসের ওপর ভাসছে। তখনও আমি বলেছিলাম, দেশের জন্য প্রয়োজনীয় মজুদ রেখে গ্যাস রপ্তানির কথা বিবেচনা করা যেতে পারে। এখন আবার অনেকে বলছে গ্যাস ফুরিয়ে গেছে। আমরা ক্ষমতায় আসার পর বেশ কিছু সার্ভে করে দেখেছি কিছু কিছু নতুন গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে।"
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, "প্রবাসী বাংলাদেশীরা দেশের শুভেচ্ছা দূত। তাদের মাধ্যমেই বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে। বিশ্বের কাছে বাংলাদেশ যখন মৌলবাদ, সা
bdnews24