২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের রক্ষাকারীদেরও বিচার হবে: আ.লীগ

বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দলীয় এক আলোচনায় আবারো যুদ্ধাপরাধীদের বিচার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন শীর্ষ আওয়ামী লীগ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দলীয় এক আলোচনায় আবারো যুদ্ধাপরাধীদের বিচার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন শীর্ষ আওয়ামী লীগ নেতারা। দলের ভারপ্রাপ্ত সভানেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত এ সভায় বলেন, যুদ্ধাপরাধী ছাড়াও যারা 'এতদিন তাদের রক্ষা করেছে' তাদেরও বিচার করা হবে। সভায় যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বিএনপির অবস্থান ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে এমন এক নেতাকে দলটির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার সমালোচনা করা হয়। সভাপতির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করা হবে। যেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কেউ আর কথা বলতে না পারে।..যুদ্ধাপরাধীদের এতকাল যারা রক্ষা করেছে, তাদেরও বিচার আমরা করবো।" দৃশ্যত বিএনপি চেয়ারপার্সনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "যুদ্ধারাধীদের যে জাতীয় পতাকা দিয়েছেন সেই ম্যাডামেরও বিচার করা হবে।" ২০০১ সালে জামায়াতসহ কয়েকটি ধর্মভিত্তিক দলকে নিয়ে বিএনপি যে জোট সরকার গঠন করে তাতে যুদ্ধাপরাধের অভিযোগ থাকা জামায়াতের একাধিক নেতা মন্ত্রী হয়েছিলেন। দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে এই সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের রায় এই বাংলার মাটিতেই কার্যকর হবে।" গুঞ্জনের কথা উল্লেখ করে আশরাফ বলেন, "বেগম খালেদা জিয়া নাকি দেশের বাইরে যাবেন। এবং তিনি বাইরে গেলেই কিছু একটা ঘটবে। তিনি তো এর আগে বহুবার দেশের বাইরে গেছেন। তখন তো এরকম কথা হয়নি। এখন একথা কেন আসছে। কারা, কেন এই প্রচারণা চালাচ্ছে ?" এই প্রসঙ্গে আর কোনো বক্তব্য না দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "এটা বিজয় দিবসের আলোচনা। এই প্রসঙ্গে আমি আরেকদিন বললো।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচার এবারই হবে।" স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন বলেন, 'সালাউদ্দিন কাদের চৌধুরীসহ সব যুদ্ধাপরাধীদের খুঁজে বের করা হবে। তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।" যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপির 'আপত্তি আর অনাপত্তিতে' কিছু আসে যায় না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপির নতুন স্থায়ী কমিটিতে রাখার তীব্র সমালোচনা করে হানিফ বলেন, "খালেদা জিয়াসহ বিএনপি'র নেতৃত্ব যুদ্ধাপরাধীদের পক্ষেই আছেন।" জনজীবনের দিকে দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেন, "দ্রব্যমূল্য কমাতে হবে। বিদ্যুৎ সমস্যার সমাধান করতে না পারলে মানুষের কাছে জবাবদিহি করতে হবে।" আলোচনা সভায় আরো বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, পাট ও বস্ত্র মন্ত্রী লতিফ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ বি তাজুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, দলের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১৪৮ঘ.