সিলেট, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোটের শরিক 'ছোট' দলগুলোর মত জাতীয় পার্টিকে মূল্যায়ন না করার জন্য প্রধামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাংসদ হুসেইন মুহম্মদ এরশাদ।
মহাজোটে তাকে অবমূল্যায়ন করা হচ্ছে- এ অভিযোগ করে তিনি বলেন, "জাতীয় পার্টি সে মাপের এবং কোনো মার্কাহীন দল নয়।"
বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকার রেজিস্ট্রারি মাঠে জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।
মহাজোট সরকার দেশকে এখনো দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজি ও 'ক্রসফায়ার'মুক্ত করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
জাপা চেয়ারম্যান, "চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ক্রসফায়ার ও র্যাবমুক্ত দেশ গড়তে চাইলে দেশের ক্ষমতায় জাতীয় পার্টির প্রয়োজন।"
আগামীতে জাপা এককভাবে ক্ষমতায় আসতে চায় জানিয়ে এরশাদ সবাইকে একযোগে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
জেলা জাতীয় পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন আহমদের সভপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন- দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, আতিকুর রহমান আতিক, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24