ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন হলে সরকারকে চরম মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, "আওয়ামী লীগ দেশের সব স্থাপনার নাম তুলে দিয়ে কেবল নিজেদের নাম বসাতে চায়। তারা বাংলাদেশের নামটা বদলে ফেলবে কিনা- এখন এটাই প্রশ্ন।"
সোমবার মন্ত্রিসভার বৈঠকে জিয়া বিমানন্দরের নাম পরিবর্তনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয় জানিয়ে বিভিন্ন সংবাদপত্রে মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়, মন্ত্রিসভা জিয়া বিমানবন্দরের নাম বদলানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজধানীর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি তার নামে করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, "নাম বদল করে জিয়াউর রহমানের আদর্শকে জনগণের মন থেকে মুছে ফেলা যাবে না। পাঠ্যবই থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। এভাবে নাম মুছে কোনো লাভ হবে না। জনগণ জিয়াকে মনের মধ্যে আসন দিয়েছে, এটা মুছে ফেলার নয়।"
বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত ওই সভায় দেশের রাজনীতিকে কলুষমুক্ত করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলীয় মহাসচিব।
তিনি বলেন, "আমাদের রাজনীতিকে দুর্বৃত্তায়ন ঘিরে ফেলেছে। এ থেকে বেরিয়ে এসে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রামে নামতে হবে।"
স্বাধীনতার ৩৮ বছরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দেলোয়ার বলেন, সংবিধানে নিশ্চয়তা থাকলেও এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা পায়নি।
স্বাধীনতার পর আওয়ামী লীগের সময়ে রক্ষী বাহিনীর মাধ্যমে মাধ্যমে বিচার বহির্ভূত ৩২ হাজার হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে সভায় তার বিচার চান বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য তরিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্ল্হা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নতুন কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24