ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় সপ্তম ধার্য দিন রোববারও বিএনপি'র যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।
আগামী ৭ জানুয়ারি অভিযোগ গঠনের নতুন তারিখ ঠিক করেছেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসাইন।
সময়ের আবেদন জানিয়ে আইনজীবীরা আদালতকে বলেন, বিএনপির কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকায় গয়েশ্বর রায়ের সঙ্গে মামলার অভিযোগ গঠনের বিষয়ে পরামর্শ করা যায়নি।
বিচারক তাদের আবেদন মঞ্জুর করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ আইনজীবী আব্দুস সালাম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সময় আবেদনের বিরোধিতা করলেও বিচারক আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করেছেন।"
গত ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করেন। ৫ জুলাই গয়েশ্বরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
হাইকোর্ট এ মামলায় প্রথমে গত ৯ মার্চ থেকে অভিযোগপত্র দাখিল পর্যন্ত অথবা ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় গয়েশ্বরকে। পরে ১৬ আগস্ট ৮ সপ্তাহের জন্য হাইকোর্ট জামিনের মেয়াদ বাড়িয়ে দেয়।
গত ১২ অক্টোবর ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে গয়েশ্বর আত্মসমর্পণ করে জামিন চাইলে হাইকোর্টের বেঁধে দেওয়া সময় অতিক্রান্ত হওয়ার যুক্তিতে সে আবেদন নাকচ করে গয়েশ্বরকে কারাগারে পাঠায় বিচারিক আদালত।
পরে গত ১৮ অক্টোবর তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24