২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির চারদিনের কর্মসূচি

বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চারদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 08:55 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চারদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভার পর এক সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়া, বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা; ১৫ ডিসেম্বর সকাল ১১টায় মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবসের আলোচনা সভা, ১৬ ডিসেম্বর সকাল পৌনে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া, সাড়ে ৮টায় শেরেবাংলা নগর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়া; ১৭ ডিসেম্বর বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ জানান, বিজয় দিবস উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে আলোচনা সভা করবে। ২০ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল ও ২১ ডিসেম্বর শ্রমিক দলের আলোচনা সভা হবে। যৌথসভায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অংশ নেন সহসভাপতি তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক এম এ মান্নান প্রমুখ। খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আগামী ১৯ ডিসেম্বর বিকালে আনন্দ মিছিল করার সিদ্ধান্তও ওই সভায় হয়। সভায় অন্যদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুবদলের বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মিয়া মোহাম্মদ সেলিম, শ্রমিক দলের জাফরুল হাসান, কৃষক দলের শামসুজ্জামান দুদু, স্বেচ্ছাসেবক দলের হাবিব-উন নবী খান সোহেল, শরাফত আলী সপু, শফিউল বারী বাবু, উলামা দলের হাফেজ এম এ মালেক, ছাত্রদলের সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৫ ঘ.