ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিচার-বর্হিভূত হত্যাকাণ্ড বন্ধে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে বলে অভিমত দিয়েছেন রাজনীতিবিদ ও পেশাজীবীরা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 'বিচার বর্হিভূত হত্যাকাণ্ড এবং আইনের শাসন' নিয়ে এক আলোচনা সভায় তারা এ মত দেন।
বেসরকারি সংস্থা অধিকার ও ইংরেজী দৈনিক 'নিউ এইজ' যৌথভাবে রাজধানীর এক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে।
অধিকারের তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার হাতে ১৪১ জন নিহত হয়। অন্যদিকে, র্যাবের তথ্যানুসারে ২০০৪ সালের ২৬ মার্চ এ বাহিনী প্রতিষ্ঠার পর থেকে এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত কথিত 'ক্রয়ফায়ার' ও 'এনকাউন্টারে' ৫৭৭ জন নিহত হয়।
র্যাব ও পুলিশের 'ক্রসফায়ারে' সন্দেহভাজন ও অনেকক্ষেত্রে কুখ্যাত অপরাধীদের নিহত হওয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। অনেক ক্ষেত্রেই অপরাধীদের ধরার পর তাদের বিচারে সোপর্দ না করে 'গুলি করে হত্যা করা' হয়েছে বলে স্ব^জনরা অভিযোগ করেছেন।
সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) মইনুল হোসেন চৌধুরী বিচার-বহির্ভূত হত্যার নেতিবাচক দিক তুলে ধরে বলেন, "দায়মুক্তি দিলে শৃঙ্খলা বাহিনীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সরকার শৃঙ্খলা বাহিনীর অপরাধ আমলে এনে বিচার করলে অপরাধ কমে আসবে।'
তিনি বলেন, "রাষ্ট্র কিভাবে চলবে তা রাজনীতিবিদদের ঠিক করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে সব ধরণের কালো আইন বাতিল করতে হবে।"
সামাজিক উচ্ছৃঙ্খলতা, আইনপ্রয়োগকারী সংস্থা এবং বিচার ব্যবস্থার দুর্বৃত্তায়নের কারণে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান বলেন, "আইনের আওতায় সাজা হিসেবে মৃত্যুদণ্ডও রহিত করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এটি কার্যকর হলে এবং সিদ্ধান্ত নিতে ভুল হলে তা ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।"
তিনি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডকে ক্ষমতার অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত করে বলেন, "এ কারণেই এ সমস্যার উদ্ভব হচ্ছে। আইনের শাসন কায়েম করতে হলে আইনের পথে যেতে হবে এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে।"
মঈন খান আরও বলেন, "রাষ্ট্র আইনের ব্যত্যয় ঘটায়। আমাদের সরকারের সময়ও এটা ঘটেছে। অন্যায় হলে ভুল স্বীকার করে দোষীদের বিচারের ব্যবস্থা করতে হবে।"
জাসদ নেতা ও সাংসদ শাহ জিকরুল আহম্মেদ বলেন, "রাষ্ট্রকে হত্যাকারীর দায় থেকে মুক্তি দিতে হলে বড় দুই দলের সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটালে সেটা মেনে নেওয়া যায় না।"
বিএনপি'র সাংসদ শাম্মী আক্তার বলেন, "জবাবদিহিতা না থাকার কারণেই বিচার ছাড়াই ধরে নিয়ে মেরে ফেলা হচ্ছে। ভিন্ন আদলে এ ধরণের ঘটনা দীর্ঘদিন থেকে চলছে।"
সভাপতির বক্তব্যে নিউ এইজ সম্পাদক নুরুল কবির বলেন, ১৯৭২ থেকে এ পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে।
তিনি বলেন, "মানবাধিকারের লংঘন মেনে নেওয়া দায়িত্বহীনতার পরিচয়। দেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড চলছে অথচ সরকার তা স্বীকার করছে না।"
রাষ্ট্র 'মিথ্যাচার' করলে জনগণ অসহায় হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
সম্মিলিত নারী সমাজের নেত্রী অ্যাডভোকেট সুলতানা আকতার রুবীও বলেন, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমেই শুধু এসব বিচার বর্হিভূত হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব।
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে রাষ্ট্র সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যকলাপ করছে বলে অভিযোগ করেন তিনি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম মন্তব্য করেন 'মূলধারার রাজনীতির দেউলিয়াপনার কারণে' এ ধরণের ঘটনা ঘটছে।
সভার শুরুতে রাজধানীর রামপুরায় র্যাবের কথিত 'এনকাউন্টারে' নিহত কায়সার মাহমুদ বাপ্পীর ভগ্নিপতি মানজুরুল আলম দাবি করেন, বাপ্পীকে অন্য সন্ত্রাসী বলে হত্যা করা হয়েছে। পুলিশ একে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি এ হত্যার বিচার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২১৯ঘ.
bdnews24