২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহের মধ্যে বিএনপির নতুন কমিটি হতে পারে: তরিকুল

আগামী সপ্তাহের মধ্যে দলের নতুন কমিটি হতে পারে বলে জানিয়েছেন বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী সপ্তাহের মধ্যে দলের নতুন কমিটি হতে পারে বলে জানিয়েছেন বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তরিকুল ইসলাম বলেন,'' দলের চেয়ারপারসন খালেদা জিয়া যোগ্য ব্যক্তিকেই মহাসচিব নিয়োগ দেবেন। তিনি যে কমিটি ঘোষণা দেবেন, দলের নেতা-কর্মীরা তা-ই মেনে নেবে। আমরা আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই এই কমিটির ঘোষণা আসবে।'' চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ওই আনন্দ মিছিলের আয়োজন করে। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি 'টমটম' ও ব্যান্ড সঙ্গীত দল ছিল। দলীয় কর্মীরা উৎসব পতাকা এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি হাতে 'তারেক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে' এবং 'তারেক রহমান লাল গোলাপ শুভেচ্ছা' ইত্যাদি শ্লোগান দেয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়ে তরিকুল বলেন,'' এটা অপপ্রচার। অনেক বেশি সংখ্যায় দুর্নীতি মামলা স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে।'' গত ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা সর্বসম্মতভাবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন। এর আগে কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন করে সিনিয়র ভাইস চেয়ারম্যানের একটি পদ সৃষ্টি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া তারেক রহমান ২০০৭ সালের সেপ্টেম্বরে নির্বাহী আদেশে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান। তারপর থেকে তিনি সেখানেই আছেন। শোভাযাত্রায় বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সাংসদ ইলিয়াস আলী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, কৃষক দলের শাহজাহান সম্রাট, শহিদুল ইসলাম ভূঁইয়া, জাসাসের সভাপতি এম এ মালেক, ছাত্র দলের সহসভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ কেন্দ্রীয় নেতা, সাংসদ প্রমুখ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৫ঘ.