২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে জ্বালানির উৎস, বিশেষ করে সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎস নিয়ে ব্যাপক পরিসরে গবেষণা চালাতে গবেষক ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ০৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে জ্বালানির উৎস, বিশেষ করে সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎস নিয়ে ব্যাপক পরিসরে গবেষণা চালাতে গবেষক ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য ছাত্রছাত্রীদের ফেলোশিপ এবং গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ অনুদান হস্তান্তর উপলক্ষে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, "আমাদেরকে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য শক্তির উৎস নিয়ে ভাবতে হবে এবং বিদ্যমান বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কমাতে এসবের ওপর আরো গবেষণা চালাতে হবে।" তিনি বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার বিবেচনায় সরকার পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নিয়েছে। কৃষিখাতে কীভাবে সৌর ও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করা যায় তার উপায় উদ্ভাবনে প্রধানমন্ত্রী গবেষক ও বিজ্ঞানীদের আহ্বান জানান। বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে লবণাক্ততা, খরা ও বন্যাসহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনেরও আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের আগের সরকারের মতো এ সরকারও বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ রেখে যেতে চাই।" সরকার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। বৈশ্বিক উষ্ণতার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সামর্থ্য বাড়াতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে আমাদের তেমন একটা ভূমিকা না থাকলেও আমরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছি। "সরকার এ চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বিশেষ তহবিল গঠনের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে", বলেন তিনি। বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এ আর এম আবদুল আওয়াল। প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের মাঝে ফেলোশিপ এবং গবেষক ও বিজ্ঞানীদের মাঝে বিশেষ অনুদান হস্তান্তর করেন। এ কর্মসূচির আওতায় ৪০৯ জন ছাত্রছাত্রীর মাঝে ২.২ কোটি টাকার জাতীয় বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফেলোশিপ এবং ব্যক্তিগত ও প্রতিষ্ঠান এ দুই ক্যাটাগরির ১৮৫টি গবেষণা প্রকল্পে ১৪ কোটি টাকার বিশেষ অনুদান প্রদান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/২২৪০ ঘ.